মেয়রের উপনির্বাচনেও কেন্দ্র দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে কয়েকজন যুবক প্রিসাইডিং কর্মকর্তার সামনে ব্যালটপেপারে আনারস প্রতীকে সিল মারছেন। ফেনী পৌরসভায় আজ মেয়র পদে উপ নির্বাচনে ভোট চলছে। ছবি: আবু তাহের
ফেনীর বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে কয়েকজন যুবক প্রিসাইডিং কর্মকর্তার সামনে ব্যালটপেপারে আনারস প্রতীকে সিল মারছেন। ফেনী পৌরসভায় আজ মেয়র পদে উপ নির্বাচনে ভোট চলছে। ছবি: আবু তাহের

ফেনী পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর পৌরসভা ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে। এর মধ্যে ফেনী পৌরসভায় কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ পাওয়া গেছে। নোয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, বোমাবাজি ও প্রার্থীর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন স্থগিতের আবেদন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
ফেনী:
ফেনী পৌরসভার মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী আলালউদ্দিন অভিযোগ করেছেন, পৌরসভার মোট ৩০টি ভোটকেন্দ্রের মধ্যে দুটিতে বহিরাগত যুবকেরা বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছেন। পরে তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর প্রতীক আনারসের ব্যালট পেপারে সিল দিয়েছেন।

সকাল আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১২টি ভোটকেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল সোয়া আটটায় বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন বুথে চার-পাঁচজন করে যুবক ঢুকে ব্যালট পেপারে ‘আনারস’ প্রতীকে সিল মারছেন। সাংবাদিকদের উপস্থিতি দেখে তাঁরা চলে যান। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি-সমর্থিত প্রার্থীর ‘দোয়াত-কলম’ প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
সেখানে উপস্থিত স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলার মজিবুল হক সাংবাদিকদের জানান, ভোট সুষ্ঠু হচ্ছে।

সকাল সাড়ে আটটায় বিরিঞ্চি সুফিয়া নুরীয়া কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোটই শুরু হয়নি। সামছুল হক নামের স্থানীয় বিএনপির একজন নেতা অভিযোগ করেন, ওই কেন্দ্র থেকে দোয়াত-কলমের এজেন্টদের প্রতিপক্ষের বহিরাগত লোকজন জোর করে বের করে দিয়েছেন।

সকাল আটটা ৫০ মিনিটে সুলতানপুর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছিল ভোটারশূন্য। ফেনী জিএ একাডেমি হাইস্কুল-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে দেখা যায়, বুথে কয়েকজন যুবক ‘আনারস’ প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করছেন। কেন্দ্র ভোটারশূূন্য। ফেনী সরকারি পাইলট হাইস্কুল, পিটিআই, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিপাল কমার্স কলেজ, ফেনী আলীয়া মাদ্রাসা, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মধুপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই চিত্র দেখা গেছে। এসব কেন্দ্রে ঢুকে বহিরাগত যুবকেরা ‘আনারস’ প্রতীকে সিল মেরেছেন। তাঁরা এভাবে কেন্দ্র দখল করে নিয়েছেন।


ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন ফেনী পৌরসভাসহ চারটি পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।


চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে একযোগে উপজেলার ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইয়াসির আরেফিন। নির্বাচনে আওয়ামী লীগের দুজন, বিএনপির চারজন ও জামায়াতের একজন মেয়র পদের জন্য লড়ছেন।
৫ জানুয়ারি সংসদ নির্বাচনে পৌর মেয়র ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস সাংসদ নির্বাচিত হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়।


নোয়াখালী: নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই, বোমাবাজি ও প্রার্থীর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন স্থগিতের আবেদন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী।

একই সঙ্গে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চৌমুহনী পৌরসভা এলাকায় সর্বাত্মক হরতালের ডাক দিয়েছেন এই প্রার্থীরা। যাঁরা নির্বাচন স্থগিতের আবেদন জানিয়েছেন, তাঁরা হলেন মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদ, মাহফুজুল হক, জহিরউদ্দিন, মঞ্জুরুল আজিম, শেখ শহীদউদ্দিন এস্কান্দার ও আবুল কালাম আজাদ ওরফে রতন।

মেয়র পদের এ উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই প্রার্থীসহ উভয় দলের সমর্থক মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আক্তার হোসেন ফয়সাল ও বিএনপি-সমর্থিত প্রার্থীর নাম জহিরউদ্দিন হারুন।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা হারুন-উর-রশিদ প্রথম আলোকে জানান, কয়েকজন প্রার্থীর সই করা নির্বাচন স্থগিতের একটি আবেদনপত্র পেয়েছেন বলে স্বীকার করেন। তিনি বলেন, প্রার্থীদের আবেদনপত্রের কপি বেগমগঞ্জ থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।