ভোলা পৌরসভার মেয়রকে লক্ষ্য করে গুলি নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে ভোলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন পৌরসভা চত্বরে গতকাল শনিবার প্রতিবাদ সভা করেছে। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মুসলিমপাড়া ও উকিলপাড়ায় গুলি-বোমাবর্ষণ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক শাহিনের ভগ্নিপতির লাশ বহনকারী মাইক্রোবাস আটকানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪২ জন আহত হন। বৃহস্পতিবার দুপুরে উকিলপাড়ায় জেলা যুবলীগের আহ্বায়ক ও ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ ঘটনার প্রতিবাদে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন গতকাল শনিবার দুপুরে পৌরসভা চত্বরে প্রতিবাদ সভা করে। সভায় বক্তারা এ ঘটনায় মেয়রের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। মোস্তাক শাহিন বলেন, ‘মেয়রের নির্দেশে তাঁর লোকজন আমার ভগ্নিপতির লাশ বহনকারী গাড়িতে হামলা ও কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর করেছে। আমরা থানায় দুটি এজাহার জমা দিলেও পুলিশ মামলা না নিয়ে টালবাহানা করছে।’ ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুল হক বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মুসলিমপাড়া ও উকিলপাড়ায় গুলি-বোমাবর্ষণ করেছে। কোনোরকম সহিংস আচরণ দেখলেই পুলিশকে গুলির নির্দেশ দিয়েছি।’