চট্টগ্রাম সিটি করপোরেশনের কিছু প্রকল্প ও কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবি জানিয়েছেন ১৫ জন কাউন্সিলর। তাঁরা গতকাল সোমবার প্রায় তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন। বৈঠকে গত রোববার কাউন্সিলরদের সমালোচনা করে মেয়রের দেওয়া বক্তব্যের জবাব লিতি আকারে দেওয়ার সিদ্ধান্ত হয়। তাঁরা করপোরেশনের অনেক প্রতিষ্ঠানে অনিয়ম হচ্ছে অভিযোগ এনে মেয়রের কাছে এসব প্রতিষ্ঠানের হিসাব চান। এর আগে গত ৩০ এপ্রিল ১০ জন কাউন্সিলর চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মেয়রের প্রকাশ্য সমালোচনা করেন। বৈঠকে উপস্থিত কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর প্রথম আলোকে বলেন, কাউন্সিলরদের দেওয়া লিখিত বিবৃতিতে সিটি করপোরেশনের আয়-ব্যয়, জমি কেনাবেচা, বিজয় টিভির মালিকানা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, মেয়র হজ কাফেলা, ঠান্ডাছড়ি রিসোর্ট, পশুশালা কেনার জন্য ব্যয় করা অর্থ ও জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজসহ আরও কয়েকটি বিষয়ে বক্তব্য থাকবে এবং মেয়রের সমালোচনার জবাব দেওয়া হবে। পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর জালালউদ্দিন ইকবাল বলেন, ‘আমরা চট্টগ্রামবাসীর স্বার্থেই মেয়রের বিভিন্ন অপকর্ম ধরিয়ে দিচ্ছি। আর তাতেই তিনি আমাদের চট্টগ্রামবিদ্বেষী বলছেন। আমাদের জন্ম চট্টগ্রামে, কবরও এখানেই হবে। আমাদের চট্টগ্রামবিদ্বেষী বলার বিষয়টি মেয়রকে ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব।’ গত শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ জন ওয়ার্ড কাউন্সিলর সংবাদ সম্মেলনে মেয়রের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। এর জবাবে গত রোববার চৌধুরীহাটের ঠান্ডাছড়িতে অনুষ্ঠিত করপোরেশনের মাসিক সাধারণ সভায় কাউন্সিলরদের সমালোচনা করে মেয়র বলেন, ‘বিভিন্ন আয়বর্ধক প্রকল্প গ্রহণ করে করপোরেশন স্বাবলম্বী হয়ে দেশে-বিদেশে প্রশংসা অর্জন করেছে। চট্টগ্রাম নগর সারা বিশ্বে গুরুত্ব পাচ্ছে। এ অবস্থার উন্নয়ন ও সুনামে উৎসাহিত না হয়ে আমাদের কয়েকজন সহকর্মী স্বার্থান্বেষী মহলের পক্ষ নিচ্ছেন, যা আত্মঘাতী।’গতকাল বৈঠকে উপস্থিত ছিলেন কাউন্সিলর জালালউদ্দিন, তারেক সোলেমান, এ এফ কবির আহমদ, চৌধুরী হাসান মাহমুদ, মো. গিয়াসউদ্দিন, রেহেনা বেগম, ফেরদৌস বেগম, রেখা আলম চৌধুরী, আঞ্জুমান আরা বেগম, জাফর আলম চৌধুরী, লুৎফুন্নাহার, সাহেদা কাশেম, নাজিমউদ্দিন, জয়নাল আবেদিন ও শাহনূর বেগম। জানা গেছে, ওয়ার্ড কাউন্সিলররা সিটি করপোরেশনের কিছু বিষয়ে লিখিত বিবৃতি তৈরি করেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে নগরের গোলপাহাড়ের পশুশালা কেনার নামে জমির মালিক নন—এমন এক ব্যক্তিকে সিটি করপোরেশনের কোষাগার থেকে ৭০ লাখ টাকা দিয়ে তা ফিরিয়ে না নেওয়া, সিটি করপোরেশনের নামে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জমি কিনে তার কোনো হিসাব না দেওয়া, বিজয় টিভি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব, দামপাড়া সিএনজি রিফ্যুয়েলিং স্টেশনের আয়-ব্যয়, চট্টগ্রাম শহরের একাধিক স্থানে পাঁচতারকা হোটেল নির্মাণের নামে বিভিন্ন সময় সিটি করপোরেশনের কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং মেয়র হজ কাফেলার হিসাব ইত্যাদি। একাধিক ওয়ার্ড কাউন্সিলর বলেন, মেয়র দাবি করেন, সিএনজি স্টেশন লাভজনক প্রতিষ্ঠান। গত মাসে সেখানে ১১ লাখ টাকা আয় হয়েছে। কিন্তু এর আগের কোনো মাসের হিসাব সিটি করপোরেশনের সাধারণ সভায় দেওয়া হয়নি। সেখানে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে তার অনুপাতে এ আয় কতটুকু সংগতিপূর্ণ তাও জানাতে হবে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সিটি করপোরেশনের সম্পদ বলে দাবি করা হলেও এর পরিচালনা থেকে সব কার্যক্রম আলাদা। আয়-ব্যয়ের হিসাবও করপোরেশনে নেই।