মেয়রের কাছে প্রত্যাশা ‘পরিকল্পিত সিলেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিকল্পিত সিলেট’ শব্দ দুটির যথাযথ বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী। যেখানে-সেখানে ময়লা-আবর্জনার স্তূপ বা সামান্য বৃষ্টিতেই ডুবে যাওয়া শহরের চিত্রের কোনোটিই প্রত্যাশা করে না নগরবাসী। অবৈধ দখলকারীদের কাছ থেকে ফুটপাত উদ্ধার করে মানুষের চলাচলের পথ সুগমের পাশাপাশি রিকশাভাড়া নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়নে সিটি করপোরেশন কর্তৃপক্ষ উদ্যোগী হবে—এমনটাই আশা নগরবাসীর।কয়েকজন নগরবাসী জানান, দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চনার শিকার হয়ে অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন তাঁরা। ১৮ বছর ধরে জনপ্রতিনিধিত্বকারী বদরউদ্দিন আহমদ কামরান নগরের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারেননি বলেই আরিফুল হক চৌধুরীর পক্ষে ভোটাররা রায় দিয়েছেন। সে ক্ষেত্রে কামরানের মতো আরিফুলও যদি ব্যর্থ হন, তাহলে নগরবাসী পুনরায় নতুন মেয়র খুঁজে নিতে বাধ্য হবেন।পরিবেশবাদী সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল বলেন, সিলেট সিটি করপোরেশনের কোনো মহাপরিকল্পনা নেই। ফলে নগর অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। এ ক্ষেত্রে সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনায় নিয়ে আসাটাই নবনির্বাচিত মেয়রের অন্যতম কাজ হওয়া উচিত।নগরবাসীর যত প্রত্যাশা: প্রধান পাঁচটি সমস্যার দ্রুত সমাধান চান নগরবাসী। এগুলো হচ্ছে জলাবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং রিকশাভাড়া নীতিমালা প্রণয়ন। গত মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, দুপুর পর্যন্ত নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, পুলিশ লাইনস, মীরাবাজার, শিবগঞ্জ এলাকার প্রধান সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপ জমে রয়েছে। অথচ এসব আবর্জনা সকালের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের সরিয়ে ফেলার কথা। এ ধরনের অব্যবস্থাপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পরিবেশবাদীরা আন্দোলন করে আসছিলেন।নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমরবিজয় সী শেখর বলেন, জলাবদ্ধতা নগরের দীর্ঘদিনের সমস্যা। এটিকে জিইয়ে না রেখে সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত।ইশতেহারের সঠিক বাস্তবায়ন চায় সুশীল সমাজ: আরিফুল হক চৌধুরী তাঁর নির্বাচনী ইশতেহারে নগরের বিভিন্ন সমস্যা দূরীকরণে তাঁর পরিকল্পনা ও প্রতিশ্রুতি উল্লেখ করেছেন। এর মধ্যে পানীয় জলের সমস্যা সমাধান, জলাবদ্ধতা দূরীকরণ, যানজট ও পরিবহন সংকটের সমাধান, শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, নগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বস্তিবাসী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, প্রবাসী সেবাকেন্দ্র চালু উল্লেখযোগ্য।নগরবাসীর অভিমত, ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো কেবল মেয়রের মুখের কথায় সীমাবদ্ধ না থেকে যেন বাস্তবে প্রতিফলন পাওয়া যায়। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেন, ‘আরিফুল হক চৌধুরী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর বাস্তবায়নে শুরু থেকেই তাঁর উদ্যোগ কামনা করি।’ নবনির্বাচিত মেয়র কী বলেন: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী গুরুত্ব অনুযায়ী নগরের সমস্যাগুলোকে প্রথমেই চিহ্নিত করবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, ‘নগরের সমস্যাগুলোকে বিবেচনায় নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাঁচ বছর মেয়াদকালের মধ্যেই আমার ইশতেহারের সব প্রতিশ্রুতি পূরণে চেষ্টা করব। আমি জানি, নগরবাসী বহু প্রত্যাশা নিয়ে দলমত-নির্বিশেষে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমার আন্তরিকতার কোনো ঘাটতি কখনোই থাকবে না।’