রাজশাহী সিটি করপোরেশন এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে এবং এই বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মেয়রের কাছে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতীকী চাবি হস্তান্তর করেছেন ব্যবসায়ীরা।
গতকাল সোমবার ব্যবসায়ী সমন্বয় পরিষদের ব্যানারে এই চাবি হস্তান্তর করা হয়। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, ট্রেড লাইসেন্স ফি অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের বাস্তবতায় ব্যবসায়ীদের পক্ষে এই ফি পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তাঁরা বলেন, দাবি না মানলে আর প্রতীকী চাবি নয়, সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে এবার প্রকৃত চাবি হস্তান্তর করা হবে।
এ সময় সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সব সিটি করপোরেশনেই এভাবে ফি বাড়ানো হয়েছে। সিটি করপোরেশন নিজের থেকে বাড়ায়নি। তবু ব্যবসায়ীদের দাবিদাওয়া মন্ত্রণালয়কে জানানো হবে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিটি করপোরেশন এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি প্রায় ৩০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। যেমন: জুয়েলারি ব্যবসার ট্রেড লাইসেন্স ফি আগে ছিল এক হাজার টাকা, এখন সেটা করা হয়েছে ১০ হাজার টাকা। মিনারেল ওয়াটার সরবরাহকারী প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ছিল ৭০০ টাকা, এখন করা হয়েছে ২০ হাজার টাকা।
প্রতীকী চাবি হস্তান্তরের সময় ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আলী, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহম্মেদ খান, স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ রেজাউর রহমান, সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি জিয়াউল হক, আরডিএ মার্কেটের সাধারণ সম্পাদক ফরহাদ মামুদ হাসান, সহসভাপতি আজম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।