চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের তিন ছেলেসহ চারজনের জামিন বাতিলের আবেদন করেছেন স্থানীয় একজন ব্যবসায়ী। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারকের আদালতে এই আবেদন করা হয়। বিচারক এস এম মজিবুর রহমান এ বিষয়ে কোনো আদেশ দেননি। আদালত সূত্র জানায়, গত বছরের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মীর ইফতেখার উদ্দিন অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের তিন ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই সময় একই বিচারক অভিযোগটি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এক বছরেও দুদকের তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি, যে কারণে বিবাদীদের বিরুদ্ধে আদালত কোনো ব্যবস্থা নেওয়ার আদেশ দিতে পারছেন না। সূত্র জানায়, গত বছরের মামলার পরিপ্রেক্ষিতে মেয়রের তিন ছেলে মো. নিজামুল আলম, মো. সরোয়ার আলম ও মো. ফারুক আজম এবং তাঁদের কর্মচারী সোহেল আমিন হাইকোর্ট থেকে চার মাসের আগাম জামিন লাভ করেন। চলতি বছরের ২০ জানুয়ারি তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়। এরপর তাঁরা উচ্চ আদালতে জামিনের মেয়াদ আর বাড়াতে পারেননি। এ কারণে ব্যবসায়ী মীর ইফতেখার উদ্দিন তাঁদের জামিন বাতিলের জন্য গতকাল আবেদন করেন। আদালত সূত্র জানায়, ব্যবসায়ী ইফতেখারের আনা অভিযোগসহ দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে তা তদন্তের জন্য দুদককে নির্দেশ দেওয়া হয়। গত বছরের ১৪ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত সময়সীমা বেঁধে দেন। সূত্র জানায়, শিগগির দুদকের প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। গত বছরের মামলার আরজিতে বলা হয়, বাদী মীর ইফতেখার উদ্দিন পোশাক তৈরির কারখানার মালিক। ২০০৪ সালে তিনি মন্জুর আলমের মালিকানাধীন দেওয়ানহাটের একটি বাণিজ্যিক ভবনের মেঝে ভাড়া নিয়ে কারখানা চালু করেন। মীর ইফতেখার পরের বছর কারখানাটি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এরপর ভবনের ভাড়া নিয়ে মালিকের সঙ্গে তাঁর বিরোধ হয়। একপর্যায়ে তাঁকে ২০০৭ সালের ৭ জুন পুলিশ গ্রেপ্তার করে। ১৪ জুন ইফতেখার জামিনে মুক্তি পান। মীর ইফতেখার প্রথম আলোকে বলেন, ‘কারাগারে থাকার সময় আমার ভাইয়ের কাছ থেকে ১২ লাখ ৫৪ হাজার টাকা জোর করে আদায় করে নেন মন্জুর আলম সাহেবরা। ওই টাকা পরবর্তী ভাড়াটের নামে দেখানো হয়, যা আমার টাকা আত্মসাতের শামিল। আর ক্ষমতার দাপট দেখিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়। আমি প্রতিকার চাইতে আদালতের শরণাপন্ন হয়েছি।’ তিনি বলেন, ‘এ মামলায় মেয়রের তিন ছেলেসহ চারজনের জামিনের মেয়াদ ২০ জানুয়ারি শেষ হয়। নিয়ম অনুযায়ী, এখন তাঁদের জামিন বাতিল হওয়ার কথা। তাই আমি আদালতের কাছে ওই চারজনের জামিন বাতিলের আবেদন করেছি।’ তিনি বলেন, জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বিবাদীরা ১১ বার আদালতে সময় প্রার্থনা করেছেন।