অবশেষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মহসিন মিয়া গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় দায়িত্বভার গ্রহণ করেছেন। তবে এ সময় সাবেক মেয়র মো. আহাদ মিয়া পৌরসভা কার্যালয়ে ছিলেন না। আহাদ মিয়া ও মহসিন মিয়া সম্পর্কে আপন চাচা-ভাতিজা।গত ১৮ জানুয়ারির পৌর নির্বাচনে হেরে মহসিন মিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করতে বিভিন্ন পদক্ষেপ নেন আহাদ মিয়া।সকাল থেকে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আহাদ মিয়ার সমর্থক এবং বাইরে মহসিন মিয়ার সমর্থকেরা অবস্থান নেন। বেলা দুইটা পর্যন্ত তাঁরা সেখানে ছিলেন। পরে পুলিশ ও র্যাবের হস্তক্ষেপে উভয় পক্ষই তাদের অবস্থান থেকে সরে যায়।জানা যায়, ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ করানো হয়। তবে ১৫ ফেব্রুয়ারি আহাদ মিয়া নবনির্বাচিত মেয়রের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্টে রিট করেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে ২২ ফেব্রুয়ারি সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মহসিন মিয়া শপথ নেন। দায়িত্বভার নিয়ে মহসিন মিয়া বলেন, আগের মেয়র আহাদ মিয়া স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩৪ ধারা অনুযায়ী পৌরসভার নগদ অর্থ, পরিসম্পদ, দলিল-দস্তাবেজ, রেজিস্ট্রার ও সিলমোহর তাঁকে বুঝিয়ে দেননি। তিনি সুন্দর পৌরসভা গড়তে সবার সহায়তা কামনা করেন। সাবেক মেয়র মো. আহাদ মিয়াকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।