মেয়রের দায়িত্ব পালনে সহযোগিতা চেয়ে আরিফুলের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাময়িক বরখাস্ত আদেশ উচ্চ আদালত স্থগিত করায় সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনে সহযোগিতা চেয়ে আরিফুল হক চৌধুরী স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন। চিঠির অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

গতকাল সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়। চিঠির সঙ্গে সাময়িক বরখাস্ত স্থগিত-সংক্রান্ত উচ্চ আদালতের আদেশের কপি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

যোগাযোগ করলে এ রকম চিঠি হস্তগত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, ‘সচিব বরাবর পাঠানো চিঠির অনুলিপির একটি কপি আমাদের হাতে এসেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে আরিফুল হক চৌধুরী সিলেটের মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে দায়িত্ব পালনের দেড় বছরের মাথায় সাবেক অর্থমন্ত্রী এস এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি হন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গত ৪ জানুয়ারি জামিনে মুক্তি লাভ করেন আরিফুল হক চৌধুরী। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ মেয়রের সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করেন।