মেয়রের দিকে দরখাস্ত ছুড়ে মারলেন কাউন্সিলর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের কাছে গতকাল মঙ্গলবার একটি দরখাস্ত নিয়ে আসেন লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমেদ ওরফে মানিক। দরখাস্তে নিজের এলাকার উন্নয়নের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন নিয়োগ ও বদলি সম্পর্কেও জানতে চান। মেয়র তাঁকে সব বিষয়ে জানাতে অস্বীকার করলে কবির আহমেদ তাঁর হাতে থাকা দরখাস্ত ছিঁড়ে মেয়রের দিকে ছুড়ে মারেন। এরপর কার্যালয় থেকে বেরিয়ে যান। ঘটনার সত্যতা স্বীকার করে এ এফ কবির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি ন্যায়বিচার চাইতে মেয়রের কাছে গিয়েছিলাম। আমার এলাকার উন্নয়নের জন্য একটি দরখাস্ত মেয়রকে দিই। তখন মেয়র বলেন, “দুই মাস পরে হবে।” এটা আমার ভালো লাগেনি। আমার সঙ্গে বিমাতাসুলভ আচরণ বলে মনে হয়েছে। আমি বলেছি, সিটি করপোরেশনের কাজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা নয়, আবর্জনা পরিষ্কার করা। মেয়র আমার কোনো প্রশ্নেরই সদুত্তর দেননি। একপর্যায়ে আমি দরখাস্তটি ছিঁড়ে ফেলে ছুড়ে মারি। আর বলেছি, আগামী তিন বছরে আপনার কাছে আসব না।’ জানা যায়, গতকাল দুপুরে এ ঘটনার সময় একাধিক কাউন্সিলরও মেয়রের কার্যালয়ে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘তিনি একটি দরখাস্ত নিয়ে এসেছিলেন। আমি তাঁকে বিভিন্ন বিষয়ে জবাবও দিয়েছি। কিন্তু একপর্যায়ে তিনি সেটি ছিঁড়ে ফেলে বেরিয়ে যান।’ তবে দরখাস্ত নিজের দিকে ছুড়ে মারার কথা অস্বীকার করেন তিনি।