কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হকের নগরের নানুয়াদীঘির পাড়ের বাসভবনে তল্লাশি চালিয়ে আসবাবপত্র তছনছ করার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।
ওই সময়ে মেয়রের ছোট ভাই বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাইমুল হক এবং আরেক ভাই নাজমুল হককে বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টায় র্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে বলে জানা গেছে। এ সময় মেয়র তাঁর বাসভবনে ছিলেন না।
এদিকে বিজিবির সদস্য রিপনের মৃত্যুর পর গতকাল সন্ধ্যা থেকে নগরের উত্তর চর্থা ও দক্ষিণ চর্থা এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালায়। একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইমরানের উত্তর চর্থার বাড়িতেও ভাঙচুর করে র্যাব।