মেয়রের দেহরক্ষীকে মারধর
নাটোরের সিংড়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) মহাসচিব বিএনপির নেতা শামীম আল-রাজির দেহরক্ষীকে পিটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা মেয়রকে শায়েস্তা করারও হুমকি দেয়।গত শুক্রবার রাত ১০টার দিকে সিংড়া কোর্ট মাঠে এ ঘটনা ঘটে। জীবনের নিরাপত্তা চেয়ে মেয়র থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মেয়র ও পৌর বিএনপির সভাপতি শামীম আল-রাজি জানান, বেশ কিছু দিন ধরে কিছু সন্ত্রাসী মুঠোফোনে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছে। তারা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথামতো পৌরসভার কার্যক্রম পরিচালনার জন্য চাপ দিচ্ছিল। শুক্রবার রাতে তাঁর নিজ বাড়িতে ফেরার পথে তাঁর দেহরক্ষী হাবিবুর রহমানকে সন্ত্রাসীরা বেদম মারধর করে। এ সময় সন্ত্রাসীরা মেয়রকেও শায়েস্তা করার হুমকি দেয়। তারা বলে, এ ঘটনা মেয়রের জন্য সতর্কবাণী। পরে আশপাশের লোকজন হাবিবুরকে হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় গতকাল শনিবার মেয়র সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মেয়র বলেন, ‘আমাকে ভীতসন্ত্রস্ত করতেই সন্ত্রাসীরা হাবিবকে পিটিয়েছে বলে আমার ধারণা।’সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতেই আমি পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’