মেয়রের নাম না থাকায়...
বরগুনার বেতাগী উপজেলায় বর্ষবরণ অনুষ্ঠানের পোস্টারে অতিথি হিসেবে পৌর মেয়রের নাম না থাকাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় প্রচারের মাইক ভাঙচুর ও প্রচারকর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় মেয়রের উপস্থিতিতে মাইক ভাঙচুরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বেতাগী থানার পুলিশ সাইফুল ইসলাম নামে উপজেলা ছাত্রলীগের এক সহসভাপতিকে আটক করে। পরে রাতে মেয়রের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা থানা ঘেরাও করলে সাইফুলকে ছেড়ে দেওয়া হয়। বেতাগী পৌরসভার মেয়র আলতাফ হোসেন বিশ্বাস অভিযোগ করেন, পৌর এলাকায় স্টল করে মেলা ও সেখানে জুয়া খেলার আসর বসানোর জন্য এ আয়োজন করা হয়েছে। এ ক্ষেত্রে তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রচারে তাঁর কর্মীরা বাধা দিলে মাইক ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে। তিনি বলেন, ‘ইউএনও সাহেব এসব করছেন। আমার কর্মীকে পুলিশ দিয়ে আটক করিয়েছেন। এখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।’ জানা গেছে, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ছাত্রলীগ যৌথভাবে ২১ থেকে ২৩ এপ্রিল তিন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর প্রধান অতিথি, স্থানীয় উপজেলা চেয়ারম্যান গোলাম কবির বিশেষ অতিথি ও ইউএনও মো. হাবিবুর রহমানকে সভাপতি হিসেবে পোস্টারে নাম ছাপা হয়। এতে পৌর মেয়র ক্ষুব্ধ হন এবং মেলা বন্ধ করতে ইউএনওকে অনুরোধ করেন। মঙ্গলবার সকাল থেকে মেলার জন্য মাইকিং করে প্রচার চালাতে থাকলে মেয়রের সমর্থকেরা বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক ভাঙচুর করে। পরে সন্ধ্যায় বেতাগী ডিগ্রি কলেজ এলাকায় মেয়রের উপস্থিতিতে আরও একটি মাইক ভাঙচুর ও দুই কর্মীকে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেতাগীর ইউএনও হাবিবুর রহমান বলেন, বিষয়টি খুবই সামান্য। পোস্টারে মেয়র সাহেবের নাম না আসায় ভুল বোঝাবুঝি হয়েছে। আশা করি এটা ঠিক হয়ে যাবে।