নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হকের বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে প্রায় ৬১ লাখ টাকার তিনটি কাজের টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বঞ্চিত ঠিকাদারেরা পৌরসভার সামনে গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান নেন। পরে বিক্ষুব্ধ ঠিকাদারেরা মেয়রকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
পৌরসভার সামনে গতকাল বেলা ২টার দিকে কয়েকজন ঠিকাদারসহ ৪০-৪৫ জন যুবককে অবস্থান নিতে দেখা যায়। তাঁরা সে সময় শিডিউল কিনতে দেওয়াসহ মেয়রের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে স্লোগান দিচ্ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০১৬-১৭ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল ও রাজস্ব তহবিলের আওতায় ৪৯ লাখ ৩০ হাজার ৫৬ টাকার প্রস্তাবিত ব্যয়ে তিনটি রাস্তার সংস্কারকাজ, ৮ লাখ ৬৪ হাজার টাকার প্রস্তাবিত ব্যয়ে পৌর এলাকার বিভিন্ন রাস্তা আলোকিত করার জন্য বৈদ্যুতিক দ্রব্যসামগ্রী সরবরাহ ও ৩ লাখ ১ হাজার ২৫০ টাকা ব্যয়ে পৌরসভার একটি গার্বেজ ট্রাক মেরামত বাবদ টেন্ডার আহ্বান করা হয়। ওই বিজ্ঞপ্তিতে টেন্ডারের শিডিউল বিক্রির শেষ দিন ছিল গতকাল। আজ মঙ্গলবারের মধ্যে শিডিউল জমা দিতে বলা হয়েছে।
শিডিউল না পাওয়া কয়েকজন ঠিকাদার অভিযোগ করে বলেন, তাঁরা শিডিউল কিনতে চান। অথচ তাঁদের পৌর কর্তৃপক্ষ শিডিউল দিচ্ছে না। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে মেয়র তাঁদের কাছে শিডিউল বিক্রি করছেন না। এর কারণ জানতে চাইলে মেয়র নজমুল বলেন, আওয়ামী লীগের এক নেতা টাকা খরচ করে এই কাজ নিয়ে এসেছেন। তাঁর পছন্দমতো লোককে এই কাজ দেওয়া হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাকিব ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী সৈকত হায়াত বলেন, ‘পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে মেয়র এর আগেও এ ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন। আমার কথা হচ্ছে, পছন্দের লোককে এভাবে কাজ দেওয়ার নিয়ম থাকলে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন কী?’
মেসার্স ফরিদ অ্যান্ড সুলতান ট্রেডার্সের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন বলেন, ‘আমি একজন প্রথম শ্রেণির ঠিকাদার। অথচ আট বছর ধরে পৌরসভায় কোনো কাজ পাইনি। ঘুরেফিরে পৌরসভার কাজ মাত্র দু-একজন ঠিকাদারই পেয়েছেন। এর আগেও পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে প্রতিযোগী অন্য ঠিকাদারকে অংশ নিতে দেওয়া হইনি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেয়র নজমুল বিষয়টি নিয়ে মন্তব্য করতে অপারগতা জানান। তিনি বিষয়টি নিয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগের এক নেতা মন্ত্রণালয়ে তদবির করে এই তিনটি কাজ নিয়ে এসেছেন। এসব ক্ষেত্রে যিনি কাজ নিয়ে আসেন, তাঁর মতামত নিতে হয়। এসব ক্ষেত্রে অন্য ঠিকাদারেরাও শিডিউল কিনতে আসেন না বা টেন্ডার জমা দেন না। এবারও আমরা সমঝোতার মাধ্যমে কাজটি করার চেষ্টা করছিলাম। কিন্তু শেষ দিনে এসে এই ঝামেলার সৃষ্টি হলো।’ আওয়ামী লীগের কোন নেতা কাজ নিয়ে এসেছেন—জানতে চাইলে তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেন।