মেয়রের প্রত্যাশা ছেড়ে কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন পৌরসভার বর্তমান প্যানেল মেয়র বাবলুর রহমান। কিন্তু দল তাঁকে মনোনয়ন দেয়নি। অবশেষে গতকাল বৃহস্পতিবার তিনি ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল বিকেল চারটার দিকে প্যানেল মেয়র বাবলুর রহমান সমর্থকদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন। পরে তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় তিনি বলেন, ‘আমি পৌরসভার প্যানেল মেয়র ছিলাম। সবাই বড় কোনো পদ পেতে চায়। আমিও মেয়র পদে প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল বিচার-বিবেচনা করে আমাকে মনোনয়ন দেয়নি। পরের নির্বাচনে আমি আবার দলের কাছে মনোনয়ন চাইব। এ কারণে কাউন্সিলর পদেই মনোনয়নপত্র জমা দিলাম।’
দলীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গত মঙ্গলবার রাতে জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক তাহমিনা মোল্লাকে মেয়র পদে মনোনয়ন দেয়। এর আগে তাহমিনা মোল্লাসহ নয়জন মনোনয়নপ্রত্যাশী হিসেবে আবেদন করেন।