মেয়রের বাসার মালামাল ক্রোক
আদালতের নির্দেশে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সহসভাপতি এম এ জাহিদ হোসেনের বাসার মালামাল ক্রোক করা হয়েছে। নগরকান্দা থানার পুলিশ গতকাল সোমবার অভিযান চালিয়ে এগুলো ক্রোক করে। পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় আদালতে হাজির না হওয়ায় মেয়রের বাসার মালামাল জব্দের নির্দেশ দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে পৌর এলাকার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন জাহিদ হোসেনের বাসা থেকে একটি রেফ্রিজারেটর, এক সেট সোফা, একটি খাট, আলনা, চেয়ার ও একটি স্টিলের আলমারি জব্দ করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নগরকান্দা থানার উপপরিদর্শক আবুল কালাম।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গত বছরের ৪ এপ্রিল নগরকান্দায় হরতালের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ এপ্রিল জাহিদ হোসেনসহ মোট ১৬৩ জনকে আসামি করে নগরকান্দা থানায় মামলা করা হয়। ওই মামলায় মেয়র আদালতে একবারও হাজির হননি। এ কারণে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালত তাঁর বাসার মালপত্র ক্রোকের নির্দেশ দেন। ৩ নভেম্বর থানায় আদালতের ওই আদেশ পৌঁছায়।জাহিদ হোসেনের মেয়ে বিউটি বেগম দাবি করেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর সময় তাঁর বাবা নগরকান্দায় ছিলেন না। তাঁর বাবাকে হয়রানি করার জন্য এ মিথ্যা অভিযোগ আনা হয়েছে।নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র ঊষা মুন্সী বলেন, ‘জাহিদ হোসেন পৌর নির্বাচনের পর থেকে নগরকান্দায় অনুপস্থিত। তাঁর (জাহিদ) অনুপস্থিতির কারণে প্যানেল মেয়র হিসেবে আমি দায়িত্ব পালন করছি।’