মেয়রের বাড়ি ও প্রতিষ্ঠানে আ.লীগ নেতার হামলা!
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি নোয়াব আলীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গত বুধবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জড়িত বলে অভিযোগ তুলেছেন পৌর মেয়র। কিন্তু জাহাঙ্গীর হোসেন তা অস্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত নয়টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজু ও সোহেলের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল রড, দা ও হাঁসুয়া নিয়ে মেয়র নোয়াব আলীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দরুদ হোসেন ও ক্যাশিয়ার আফিল উদ্দিনকে মারধর করে দুই লাখ ২৯ হাজার টাকা লুটে নেয় তারা। বাধা দিতে গেলে আবদুল কাদির, মইনুল ও সেন্টু নামে তিনজনকেও মারধর করা হয়। এরপর হামলাকারীরা প্রতিষ্ঠানের সামনে থাকা মেয়রের একটি প্রাইভেট কার এবং তাঁর ভাই ও কর্মচারীদের ব্যবহূত তিনটি মোটরসাইকেল ও দুটি ট্রাক্টর ভাঙচুর করে। ফিরে যাওয়ার সময় তারা মেয়রের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালায়। মেয়রের ভাই পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান আলী অভিযোগ করেন, বুধবার দুপুরে রাজু ও সোহেল নামের দুই যুবক তাঁর ছোট ভাই ইউনুস আলীর চালের আড়তে এসে জোর করে তাঁকে তুলে নিয়ে যেতে চান। আশপাশের লোকজনের উপস্থিতির কারণে তাঁরা ব্যর্থ হন। জাহাঙ্গীর কাউন্সিলরের নির্দেশে মোটরসাইকেলসহ তাঁকে নিয়ে যেতে এসেছেন বলে যুবকেরা প্রকাশ্যে হুমকি দেন। রাতে হামলার সময়ও ওই দুই যুবককে দেখা গেছে। ইউনুস আলী দাবি করেন, যুবলীগের কর্মী আলী রেজা কয়েক মাস আগে তাঁর কাছ থেকে ৪১ হাজার টাকা ধার নেন। সম্প্রতি ওই টাকা চাইতে গেলে তিনি দিতে পারবেন না বলে জানিয়ে দেন এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।হামলার ঘটনায় মেয়র নোয়াব আলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন এবং তাঁর ক্যাডার বাহিনীকে দায়ী করেছেন। তবে জাহাঙ্গীর হোসেন এ ঘটনায় তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, ‘রাজনৈতিক বিরোধিতার কারণে মেয়র আমার নাম বলেছেন। হামলার সঙ্গে জড়িতরা কেউই আমার লোক নয়। আমি নিজেও এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।