বাড়িতে ধুলাবালি পড়ে—এই অজুহাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন তাঁর বাড়ির পাশের একটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সড়কটিতে এখন শুধু রিকশা ও মোটরসাইকেল চলাচল করে। পৌরবাসীর স্বার্থে এমনটি করা হয়েছে বলে মেয়র দাবি করেছেন।মেয়রের নির্দেশের পর পৌরসভার উত্তর পৈরতলা থেকে সাদেকপুর পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ এ সড়কে যানচলাচল প্রায় চার মাস ধরে বন্ধ। এতে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলার তিনটি ইউপির প্রায় তিন লাখ মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই তিনটি ইউপির ২৭টি গ্রামের মানুষকে অতিরিক্ত চার কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে আধঘণ্টার পথ যেতে দুই ঘণ্টা লাগছে।নাটাই (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইয়ূম প্রথম আলোকে জানান, গ্রামগুলো থেকে উৎপাদিত সবজি, কৃষিপণ্য ও গাভির দুধ প্রতিদিন জেলা শহরের বাজারগুলোতে যায়। সড়কটিতে অটোরিকশা চলতে বাধা দেওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের পরিবহন খরচ বেড়ে গেছে। এলাকার স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের শহরে যাতায়াতে অসুবিধা হচ্ছে।একই ইউপির সাবেক সদস্য আবদুল কুদ্দুছ বলেন, ‘মেয়র সাহেব যা মনে ধরছে, তা-ই করছেন। নেতা থাকলে এলাকায় শান্তি আসে, কিন্তু তিনি আমাদের জন্য গজব নিয়ে আসলেন।’খোঁজ নিয়ে জানা যায়, উত্তর পৈরতলা থেকে দাড়িয়াপুর পর্যন্ত সড়কের এই অংশটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আওতাধীন। দাড়িয়াপুর থেকে সাদেকপুর অংশ স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে। পুরোটাই পাকা সড়ক। প্রায় ১৫ ফুট প্রস্থ এ সড়কে আগে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, মাঝারি আকৃতির ট্রাক ও ট্রাক্টর চলাচল করত।এলাকাবাসী, যানবাহনের চালক ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি মেয়র হেলাল উদ্দিন তাঁর উত্তর পৈরতলার বাড়ি ও পাশের কালভার্ট সংস্কারের কথা বলে সড়কটিতে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। মেরামতের ধীরগতির কারণে মাস খানেক এ সড়কে যানচলাচল বন্ধ থাকে। মেরামত শেষে মার্চের মাঝামাঝি সময়ে মেয়র আবারও যানচলাচলে বাধা দেন। বাধার কারণ জানতে চাইলে নিজের বাড়িতে ধুলাবালি পড়ার অজুহাত দেখান তিনি।জানতে চাইলে মেয়র হেলাল উদ্দিন জানান, অদক্ষ চালকেরা মহল্লার ভেতর দিয়ে সিএনজি ও টেম্পো চালায়। এ নিয়ে পৈরতলাবাসীর আপত্তি থাকায় পৌরসভার বাইরে কালিসীমা এলাকায় তাঁদের স্ট্যান্ড সরিয়ে নিতে বলা হয়েছে। বাড়িতে ধুলাবালি পড়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। ব্যক্তিস্বার্থে নয়, বরং পৌরবাসীর কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।’সাদেকপুর ইউপির নরসিংসার গ্রামের সাদিকুল ইসলাম, আদমপুর গ্রামের সোহেল রানা ও সুমন রানা জানান, গত ১২ এপ্রিল এইচএসসির অর্থনীতি বিষয়ের পরীক্ষা দিতে যাওয়ার সময় মেয়র অটোরিকশা যেতে বাধা দেন। এ সময় তিনি চালককে মারতে উদ্যত হন। পরে অনুরোধ করা হলে অটোরিকশাটি যেতে দেন মেয়র।উত্তর পৈরতলা অটোরিকশা স্ট্যান্ডের তত্ত্বাবধায়ক দিদার আলম, অটোরিকশা মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সৈয়দুজ্জামান জানান, প্রতিদিন অন্তত ২০ হাজার মানুষ এ সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে। মেয়রের বাধার কারণে বর্তমানে তাদের কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে দক্ষিণ পৈরতলা-গোকর্ণ-কালিসীমা খিলের মাঠ দিয়ে নরসিংসার বাজারে যেতে হয়। এতে অতিরিক্ত চার কিলোমিটার ঘুরতে হয়। তা ছাড়া গোকর্ণ গ্রামে সেতু নির্মাণের কাজ চলায় অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।গত ২ মে সরেজমিনে দেখা গেছে, দাড়িয়াপুর থেকে কালিসীমা পর্যন্ত সড়কে সুনসান নীরবতা। দু-একটি রিকশা ও মোটরসাইকেল ছাড়া সড়কে অন্য কোনো মোটরযান চলতে দেখা যায়নি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান বলেন, ‘জনগণের রাস্তা কেউ বন্ধ করতে পারে না। এ বিষয়ে ওই এলাকার সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের নিয়ে একবার বৈঠক করেছি। সাংসদকে নিয়ে আরেকবার বসে এর সমাধান করব।’