মেয়রের বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলরের পদত্যাগ
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়র এনামুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মেয়রের কার্যালয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন।মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পৌরসভায় কিছুদিন আগে বয়স্কভাতার ৩৮টি কার্ড আসে। পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে তাঁর ওয়ার্ডে জনসংখ্যা সবচেয়ে বেশি। সে হিসেবে তাঁর তিনটির বেশি কার্ড পাওয়ার কথা। কিন্তু মেয়র তাঁকে দুটি কার্ড দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বাকি কার্ডগুলো মেয়র তাঁর মনোনীত ব্যক্তিদের দিয়েছেন। তিনি বলেন, ‘জনগণের কল্যাণের জন্য আমি নির্বাচিত হয়েছি, তা যদি না করতে পারি তাহলে পদে থেকে কী করব। সেজন্য পদত্যাগ করলাম।’মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক গতকাল দুপুরে বলেন, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে পৌর কার্যালয়ের বাইরে আছেন। ওই কাউন্সিলরের পদত্যাগের বিষয়টি তিনি জানেন না।