মেয়রের বিরুদ্ধে এন্তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী পৌরসভার মেয়র আলতাফ হোসেন বিশ্বাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন পৌরসভার কাউন্সিলররা। গত শনিবার রাতে বেতাগী শহরের কালীবাড়ি সড়কে পৌর কাউন্সিলর কামাল হোসেনের বাসভবনে এক সংবাদ সমেঞ্চলনে তাঁরা এসব অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে পৌরসভার ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে কাউন্সিলররা অভিযোগ করেন, গত এক বছরে মেয়র ঢাকা যাওয়ার জন্য পৌর তহবিল থেকে বিধিবহির্ভূতভাবে সাত লাখ টাকার ভ্রমণ ভাতা তুলেছেন। এ ছাড়া রোলার ভাড়া বাবদ সাড়ে চার লাখ টাকা, নর্দমা পরিষ্কারের নামে ৭৬ হাজার টাকা, আনুষঙ্গিক ব্যয় দেখিয়ে এক লাখ আট হাজার টাকা, ক্ষুদ্র মেরামতের কোনো কাজ না করিয়ে ভুয়া সই করে ১০ লাখ ৮৪ হাজার টাকা, বিএমডিএফ ও এলজিইডির দরপত্র ফরম বিক্রির এক লাখ ৪১ হাজার টাকা, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানের নামে ৩০ হাজার টাকা, ট্রাকভাড়া ৯০ হাজার টাকা পৌরসভার তহবিলে জমা না করে আত্মসাৎ করেছেন। এ ছাড়া পৌরসভার মাসিক সভায় সিদ্ধান্ত ছাড়াই ও দরপত্র কমিটির সদস্যদের অবহিত না করে গত ৩১ মে ৩৩ লাখ টাকার দরপত্র আহ্বান করেন। কাউন্সিলরদের অভিযোগ, মেয়র ক্ষমতা গ্রহণের এক বছরে সরকারি বিভিন্ন সংস্থা ও পৌরসভার দুই কোটি পাঁচ লাখ টাকার রাজস্ব আয়ের মধ্যে পৌরসভার উন্নয়নে ৩২ লাখ টাকার দরপত্র আহ্বান ছাড়া অন্য কোনো উন্নয়নমূলক কাজ না করে বাকি এক কোটি ৭২ লাখ টাকার হিসাব দিচ্ছেন না। মেয়র আলতাফ হোসেন বিশ্বাস এসব অভিযোগ অস্বীকার করে গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই কাউন্সিররা পৌরসভার বিভিন্ন তহবিল থেকে আর্থিক সুবিধা দাবি করে। এতে আমি রাজি না হওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে মনগড়া অনেক অসত্য অভিযোগ দিয়ে আমাকে হেয় করতে চাইছেন। এসব অভিযোগ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।’