
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। পৌরসভা কার্যালয়ের সামনে পৌর কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচির আয়োজন করেন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার জামালপুর ফৌজদারি আদালতে হামলা ও মারধরের অভিযোগে সাতপোয়া গ্রামের বাসিন্দা ঠিকাদার রফিকুল ইসলাম বাদী হয়ে পৌরসভার মেয়রকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় গত রোববার প্রথম আলোয় ‘সরিষাবাড়ী পৌর মেয়রের বিরুদ্ধে ঠিকাদারের মামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন হয়। এ সময় পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পৌরবাসীর সব নাগরিক সুবিধা বন্ধ করে আন্দোলনের ডাক দেওয়া হবে।
মেয়র বলেন, ‘ এ মামলা প্রত্যাহার করা না হলে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনের ডাক দেবেন।’