মেয়রের বিরুদ্ধে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের মামলা
রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়রের বিরুদ্ধে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে থানায় মামলা করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান। একই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও আসামি করা হয়। গত বুধবার রাতে অভিযোগটি থানায় জমা দেওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।
সাকিবুর অভিযোগ করে বলেন, গত সোমবার উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের এ কমিটিতে যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র রবিউল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেকের সমর্থকদের জায়গা হয়নি। এ নিয়ে তাঁদের ভেতরে ক্ষোভের সঞ্চার হয়।
মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে বসে নবগঠিত কমিটির সম্পাদক জাহাঙ্গীর আলম নেতা-কর্মীদের নিয়ে গল্প করছিলেন। রাত নয়টার দিকে একদল যুবক সশস্ত্র অবস্থায় এসে কার্যালয় ঘেরাও করে। কিছুক্ষণ পরই রবিউল ওমালেক সশস্ত্র নেতা-কর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হন। তাঁদের নির্দেশে উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয়ে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় নেতাদের ছবি ভাঙচুর করে। তারা কার্যালয়ে থাকা ৪০টি প্লাস্টিকের চেয়ারও ভাঙচুর করে। তাদের হামলায় কয়েকজন নেতা-কর্মী আহত হন।
জানতে চাইলে রবিউল গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনার দিন তাঁর বাড়িতে ইফতার মাহফিলের একটা অনুষ্ঠান ছিল। এদিকে রাত নয়টার পরে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে ফোন করে বলেন, ছাত্রলীগের নতুন কমিটির নেতা ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে সমস্যা হয়েছে। ওসি তাঁকে জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি মিটমাট করে দিতে ঘটনাস্থলে যেতে বলেন। তিনি ও ওসি একই সঙ্গে ঘটনাস্থলে যান। থানায় এজাহারের কথা তিনি লোকমুখে শুনেছেন।
মামলার বাদী সাকিবুর বলেন, মেয়র ঘটনাস্থলে আগেই এসেছিলেন। তাঁর নির্দেশে হামলা হয়েছে।
জানতে চাইলে ওসি ফয়জুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তিনি একটা মিটিংয়ে আছেন। ১০ মিনিট পরে কথা বলবেন। পরে ফোন করলে তিনি ফোন কেটে দেন।