মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে পৌর পরিষদের আটজন কাউন্সিলর দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত নেমেছে স্থানীয় সরকার বিভাগ। 

আজ সোমবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) এম ইদ্রিস সিদ্দিকীর নেতৃত্বে একটি তদন্ত দল কাউন্সিলর ও মেয়রের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে।

বিকেলে মাদারীপুর সার্কিট হাউসে এম ইদ্রিস সিদ্দিকী এ সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে তদন্তে এসেছি। অভিযোগকারীদের কাছ থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছি। আমরা বিষয়টি জোরালোভাবে তদন্ত করে দেখছি। আপাতত এর বাইরে কিছু বলা যাবে না।’

পৌর কাউন্সিলরদের অনাস্থাপত্র সূত্রে জানা যায়, পৌরসভার মাসিক সভায় কাউন্সিলরদের সাদা কাগজে স্বাক্ষর করিয়ে পরে নিজের ইচ্ছামাফিক কার্যবিবরণী লিখে সেটাকে পৌর পরিষদের সিদ্ধান্ত হিসেবে চালানোর গুরুতর অভিযোগ করেছেন কাউন্সিলররা। এ ছাড়া প্রতিবাদকারী কাউন্সিলরদের মাসিক ভাতা বন্ধ করা, কোনো রকমের টেন্ডার ছাড়াই পৌরসভার বিভিন্ন কাজ মেয়র তাঁর আপন ভাই, আত্মীয়স্বজন, নিজের পছন্দের গুটিকয়েক কাউন্সিলর, নিজস্ব ঠিকাদারকে দিয়ে করানোর কথা বলা হয়েছে অনাস্থাপত্রে। এসব কাজ করিয়ে ইচ্ছামাফিক বিল করে তা পরবর্তী সভায় পাস দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ, ৫৫টি সরকারি প্রকল্প যেনতেনভাবে বাস্তবায়ন দেখিয়ে নিজে লাভবান, কোটেশনের মাধ্যমে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে অনেক ক্ষেত্রে কাজ বাস্তবায়ন না করেই টাকা উত্তোলনসহ আরও অনেক অনিয়মের কথা তুলে ধরা হয়েছে। এসব অভিযোগ করে গত ১১ জুন পৌরসভার আটজন কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে অনাস্থা নোটিশ স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর জমা দেন।

পৌর পরিষদের সংখ্যাগরিষ্ঠ যে আটজন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন, তাঁরা হলেন নাসির শিকদার, অলিল হাওলাদার, বি এম তোফাজ্জেল হোসেন, মো. জসীম ব্যাপারী, গোলাম মোস্তফা ব্যাপারী, হাবুল চৌকিদার, ফুলমতি বেগম, আসমা খাতুন।

কাউন্সিলরদের নেতৃত্বকারী ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলিল হাওলাদার বলেন, ‘পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার নামেই শুধু মেয়র। তাঁর কর্মকাণ্ডে আমরা কেউ খুশি না। মেয়র এক বছর ধরে আমাদের সবার চোখের সামনে প্রতিনিয়ত অনিয়ম করে আসছেন। মেয়র ইচ্ছেমতো পৌরসভার সব কার্যক্রম পরিচালনা করছেন। আমাদের সম্মানী ভাতা পর্যন্ত দিচ্ছেন না। এ ছাড়া তাঁর নানা ধরনের অনিয়ম আমরা প্রমাণসহ স্থানীয় সরকার বিভাগের কাছে প্রেরণ করেছি।’

এ সম্পর্কে পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে বিষয়টি স্থানীয় সরকার বিভাগ থেকে তদন্ত করা হচ্ছে। তদন্ত করার মুহূর্তে আমি কোনো কথা বলব না। তদন্ত শেষে হলেই আপনারা দেখতে পারবেন অভিযোগগুলো সত্যি কি না?’