সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নয়জন কাউন্সিলর ও তাঁদের সমর্থকেরা মানববন্ধন করেছেন। গতকাল সোমবার দুপুরে পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।মানববন্ধনে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ অভিযোগ করেন, গত ৩০ জুন বড় অঙ্কের উৎকোচ গ্রহণ করে বিভিন্ন পদে সাতজনকে নিয়োগ দিয়েছেন মেয়র। এ ছাড়া পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ মেয়র তাঁর নিকট আত্মীয়স্বজনকে দিয়ে করাচ্ছেন। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজেদুল ইসলাম অভিযোগ করেন, ২২ জুলাই বেলা ১১টার দিকে মেয়রের সঙ্গে কথা বলতে গেলে তাঁর পক্ষের লোকজন কাউন্সিলরদের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা সেখান থেকে প্রাণভয়ে চলে আসেন। ওই দিন রাতে কাউন্সিলররা রায়গঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।অভিযোগের ব্যাপারে পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, ‘ওই দিন ব্যক্তিস্বার্থ উদ্ধার করতে না পেরে কয়েকজন কাউন্সিলর আমার ওপর হঠাৎ করে চড়াও হন। এ সময় এলাকার লোকজন তাঁদের বাধা দেন। এ ব্যাপারে আমিও রায়গঞ্জ থানায় জিডি করি।’