মেয়রের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা মকছুদ মিয়ার বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের লোকজনকে মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে সংখ্যালঘুদের পক্ষে পৌরসভার সাবেক মেয়র পূর্ণ চন্দ্র দে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়ে মকছুদ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৮ নভেম্বর রাত নয়টায় পৌরসভার দক্ষিণ হিন্দুপাড়ার হরিমন্দির প্রাঙ্গণে কয়েক শ লোকের উপস্থিতিতে ধর্মীয় সভায় হামলা চালান মেয়র মকছুদ ও তাঁর সন্ত্রাসী বাহিনী। এ সময় সভার প্রধান অতিথি ও সাবেক মেয়র পূর্ণ চন্দ্র দের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন স্থানীয় মৃদুল, সমীর, সাধন, গোপাল, রাজীবসহ অন্তত ২০ জন। পূর্ণ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, এই ঘটনার পর মেয়র মকছুদ তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে সংখ্যালঘু লোকজনের ওপর নানাভাবে অত্যাচার-নির্যাতন চালাচ্ছেন। তাঁর কথামতো না চললে সংখ্যালঘুদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। এ নিয়ে এলাকার সংখ্যালঘু ব্যক্তিরা উদ্বিগ্ন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এই ঘটনার আগেও মেয়র মকছুদ হিন্দুসম্প্রদায়ের বহু মানুষকে মারধর করেন। স্মারকলিপিতে ওই ঘটনারও বর্ণনা তুলে ধরা হয়। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে মেয়র মকছুদ মিয়া প্রথম আলোকে জানান, ‘পৌরসভার মেয়রের দায়িত্ব পালনকালে সাবেক মেয়র পূর্ণ চন্দ্র দে প্রায় ৮২ লাখ টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে গত ১২ আগস্ট প্রথম আলোর বিশাল বাংলায় একটি সংবাদও প্রকাশিত হয়। এসব টাকা ফেরত দেওয়া নিয়ে হিন্দুসম্প্রদায়ের কিছু নেতা তৎপর হওয়ায় পূর্ণ চন্দ্র দে আমার বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনসহ নানা অপবাদ রটাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আসলে পূর্ণ চন্দ্র দের কারণে হিন্দুরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। তাঁর কর্মকাণ্ডে অতিষ্ঠ হিন্দুরা তাঁকে এলাকাছাড়া করার চেষ্টা করছে। এতে আমার কোনো হাত নেই।’ স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর।