পৌরসভার তহবিল থেকে টাকা তোলার জন্য মেয়রের এক লাখ টাকার চেকে স্বাক্ষর না করায় তাঁর হাতে পৌরসচিব লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপরে খোকসা পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।পৌরসচিব আবুল হোসেন গতকাল শুক্রবার এ ব্যাপারে খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ সুপারকে (এসপি) জানিয়েছেন।আবুল হোসেন জানান, গত ২৭ জানুয়ারি পৌরসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিরীক্ষা দল আসে। নিরীক্ষায় পৌরসভার বিভিন্ন অনিয়ম বের হতে থাকে। তিনি অভিযোগ করেন, নিরীক্ষকদের ঘুষ দেওয়ার জন্য তাঁকে এক লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করতে বলেন মেয়র। তিনি চেকে স্বাক্ষর না করায় বৃহস্পতিবার সকালে পৌর মেয়র ও তাঁর সহযোগীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পৌরসভা থেকে বের করে দেন। এরপর তাঁরা আবুল হোসেনের কক্ষে তালা দিয়ে তাঁর নেমপ্লেটও ভাঙচুর করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ মিয়া জানান, বিষয়টি তিনি আবুল হোসেনের কাছ থেকে শুনেছেন।পৌর মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী বলেন, আবুল হোসেন গত বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে এসে বলেন, নিরীক্ষা দল এক লাখ টাকা দাবি করেছে। তিনি (মেয়র) এ টাকা দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি ভালো হবে না বলে সচিব তাঁকে হুমকি দেন। সচিবকে লাঞ্ছিত করা এবং তাঁকে চেকে সই করতে বলার কথা তিনি অস্বীকার করেন।