মেয়রের বিরুদ্ধে সাবেক মেয়রের ৯ অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার মেয়র মো. শাহিনের বিরুদ্ধে নয়টি দুর্নীতির অভিযোগ এনেছেন সাবেক মেয়র ফখরুল আলম আক্কাছ। এসব অভিযোগের তদন্ত ও প্রতিকার চেয়ে স্থানীয় সরকারমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। অনুলিপি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের কাছে।এ ঘটনায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে একটি তদন্ত টিম গঠন করেছেন।সাবেক মেয়র তাঁর অভিযোগে উল্লেখ করেন, সোনালী ব্যাংক ভৈরব বাজার শাখার কাছে সড়কের জন্য অবমুক্ত করা জায়গায় দোকান নির্মাণ করে বর্তমান পরিষদ ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছে। দরপত্র আহ্বান না করেই পৌর নিউ মার্কেটের চারতলার নির্মাণকাজ শুরু করা হয়েছে। এমনকি, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই পরিষদের সদস্যরা নিজেদের নামে দোকান বরাদ্দ নিয়েছেন। ব্যাপক ভাঙচুরের মাধ্যমে উদ্ধার হওয়া পৌরভূমি রক্ষায় আইনি লড়াই করছেন না মেয়র। নিয়মনীতি না মেনে নিজ দল বিএনপির সাত থেকে আটজন কর্মীকে মাস্টাররোলে চাকরি দিয়েছেন। নিজ দলের লোকদের লাভবান করার জন্য আরএসকিউ পদ্ধতির পিপিআর লঙ্ঘন করে লাখ লাখ টাকা ব্যয় করে যাচ্ছেন। মেয়রের গাড়ি সংস্কার করার সময় পৌরসভায় পিকআপ থাকার পরও দুই মাসের জন্য ৬০ হাজার টাকায় একটি গাড়ি ভাড়া করে অর্থ অপচয় করেছেন। পৌর তহবিলের টাকা দিয়ে মাছ কিনে নিজ দলের নেতাদের বাড়িতে উপঢৌকন দেওয়া হচ্ছে।ফখরুল আলম বলেন, ‘পৌরবাসীর মঙ্গলই আমার একমাত্র চাওয়া। সেই তাগিদ থেকেই অভিযোগগুলো প্রশাসনের নজরে এনেছি।’ সবকটি অভিযোগ ভিত্তিহীন দাবি করে মেয়র মো. শাহিন বলেন, ‘গেল নির্বাচনে আমার কাছে পরাজিত হওয়ার পর আক্কাছ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এমনকি নিজ দল আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন। আলোচনায় থাকার জন্য তাঁর এই কাল্পনিক অভিযোগ।’ পাল্টা অভিযোগ এনে মো. শাহিন বলেন, দুই দফা মেয়র থাকাকালীন আক্কাছ যে তাঁর ভাতিজা ও ভাগনেকে সুবিধা দিয়ে কোটিপতি বানিয়ে দিয়েছেন, এ ঘটনা কারও অজানা নয়। তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরে আলম সিদ্দিক বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি অভিযোগ তদন্ত করে দেখা হবে।