মেয়রের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
বরগুনার আমতলী থানার অভ্যন্তরে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সমঝোতা বৈঠক চলাকালে গত মঙ্গলবার রাতে মেয়রের গুলি ছোড়ার অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার সকালে আমতলীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গাজী সামসুল হক বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজন্ত বিশ্বাস মামলাটি আমলে নিয়ে আমতলীর ইউএনওকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
মামলার আরজিতে গাজী সামসুল হক অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আমতলী থানার অভ্যন্তরে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে সালিস বৈঠক চলছিল। এ সময় আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান ও প্যানেল মেয়র জি এম মুসার মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় তিনি (বাদী) জি এম মুসার পক্ষাবলম্বন করায় ক্ষিপ্ত হয়ে মেয়র মতিয়ার তাঁকে হত্যার উদ্দেশ্যে নিজের সঙ্গে থাকা পিস্তল দিয়ে আমতলী থানার ওসিকে উপস্থিততে গুলি ছোড়েন। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
মামলায় আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন, আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায়সহ ১২ জনকে সাক্ষী করা হয়েছে। বাদীপক্ষে মামলাটি আদালতে উপস্থাপন করেন আইনজীবী মো. আবুল কাশেম।
এ প্রসঙ্গে মেয়র মতিয়ার রহমান বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলা করা হয়েছে। মামলার অভিযোগের সঙ্গে বাস্তবের ঘটনার কোনো মিল নেই। মনগড়া অভিযোগ এনে এই মামলা করা হয়েছে।’
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা জানান, মঙ্গলবার রাতে আমতলী থানায় সালিস বৈঠকের একপর্যায়ে মেয়র ও প্যানেল মেয়রের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মেয়র মতিয়ার তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন।
এ নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘আওয়ামী লীগের দুই পক্ষের সমঝোতা বৈঠকে হাতাহাতি, ফাঁকা গুলি’ শিরোনামে খবর ছাপা হয়।