মেয়রের ব্যবসাপ্রতিষ্ঠান দখল করলেন শ্রমিক লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহনে দখল করা ওই ঘরে শ্রমিক লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
ভোলার লালমোহনে দখল করা ওই ঘরে শ্রমিক লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

ভোলার লালমোহন পৌরসভা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতের বিরুদ্ধে পৌরসভার মেয়রের মালিকানাধীন বিপণিবিতানের একটি ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। দখল করা ওই ঘরে শ্রমিক লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
লালমোহন পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজাদ বলেন, ‘পৌর শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত দুই বছর ধরে নিজ প্রয়োজনে ক্ষমতার অপব্যবহার করছেন। এবারও মেয়রের মার্কেটের ঘর দখলের কাজে শ্রমিক লীগের সাইনবোর্ড ব্যবহার করেছেন। আসলে পৌর শ্রমিক লীগের অফিস ইসলামী ব্যাংকের নিচে ছিল। দখল করা ঘরটিতে সভাপতির ব্যক্তিগত কার্যালয় বানিয়েছেন।’
লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, তিনি ১৯৯৬-৯৭ সালে উপজেলা ভূমি অফিস থেকে মেহেরগঞ্জ মৌজার (লালমোহন বাজারের উত্তর-পূর্ব বাজারে) ৩ শতাংশ জমি বার্ষিক ইজারা (লিজ) নিয়ে বিপণিবিতান নির্মাণ করে ঘর ভাড়া দিয়ে আসছিলেন। এ জন্য প্রতিবছর ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) কাটেন। গত শনিবার মার্কেটের পুরোনো ভাড়াটিয়া ফিরোজ নেমে নতুন ভাড়াটিয়া জুয়েল মৃধা উঠতে গেলে পৌর শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত ঘরটি দখল করেন। সন্ত্রাসী কায়দায় ঘরটি দখল করে সেখানে পৌর শ্রমিক লীগের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। এ বিষয়ে লিখিতভাবে থানা-পুলিশ ও উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিযোগ দিলেও এর কোনো প্রতিকার তিনি পাননি।
ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সামসুল আরিফ ও ভূমি অফিসের নাজির মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনেকের মতো মেয়র একসনা ৩ শতাংশ জমি ইজারা নিয়ে ব্যবসা করছেন। তবে তাঁর দখলে বেশি জমি আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। শুনেছি তাঁর ঘর দখল হয়ে গেছে। সে ব্যাপারে জেলা পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, ‘দখলের বিষয়টি সত্য, তবে তদন্ত সাপেক্ষে আমরা মামলা নেব।’
পৌর শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত বলেন, ‘মেয়র এমদাদুল ইসলাম জোর করে ইজারা নেওয়া জমির চেয়ে বেশি ভোগদখল করছেন। আইন অমান্য করে বেশি জমি দখল করে বিপণিবিতান নির্মাণ করেছেন। কথা ছিল আমাকে একটি ঘর দেবেন। এ জন্য মেয়র আমার কাছ থেকে টাকাও নিয়েছেন। সেটি না দেওয়ায় দখল করে পার্টির অফিস বানিয়েছি।’
তবে মেয়র তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন।