মেয়রের ভাই ও গাড়িচালকের পাঁচ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হাকিম
আবদুল হাকিম

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হকের ছোট ভাই হাবিবুল হক ওরফে মিন্টু ও তাঁর (মেয়র) গাড়িচালক শাহীন আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শাহজাদপুর বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসিবুল হক গতকাল বুধবার ওই রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক গতকাল এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন।
শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধরের ঘটনায় করা পৃথক মামলায় মেয়র হালিমুল হক জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পিপি আবুল কাশেম এসব বিষয় নিশ্চিত করেছেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কড়া পুলিশ পাহারায় হাবিবুল হক ও শাহীন আলমকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরের আশপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, হত্যা মামলায় হালিমুলসহ ছয়জনকে আগে থেকেই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন ওই দুজনের রিমান্ড মঞ্জুর হওয়ায় তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারধরের ঘটনায় সংগঠনটির নেতা-কর্মী ও বিজয়ের স্বজনেরা মেয়রের বাসায় হামলা চালান। এ সময় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ বাধলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পরে মারা যান দৈনিক সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। এ ঘটনায় তাঁর স্ত্রী নুরুন্নাহার মেয়র হালিমুল হককে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। আর ছাত্রলীগ নেতা বিজয়কে মারধরের ঘটনায় তাঁর চাচা এরশাদ আলী হালিমুল হক, তাঁর ভাইসহ বেশ কয়েকজনকে আসামি করে পৃথক মামলা করেন।
গোয়েন্দা পুলিশের একটি দল গত ৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে হালিমুল হককে আটক করে। এখন পর্যন্ত দুটি মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানববন্ধন
সাংবাদিক আবদুল হাকিম হত্যার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে বিচারের দাবিতে গতকাল সকালে সিরাজগঞ্জ শহরের এস এস রোডে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, যুগ্ম সম্পাদক সুকান্ত সেন, জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম তফিজ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন প্রমুখ বক্তব্য দেন।