মেয়রের মানবিকতায় জাগল বাঁচার স্বপ্ন
‘আর্থিক সাহায্য নয়, ওষুধ কিনে দেওয়ার ব্যবস্থা করুন!’ এ রকম একটি সাদামাটা আবেদন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে পৌঁছায়। আবেদনকারী একজন গৃহকর্মী, নাম ছেলিনা বেগম। মেয়র আবেদনকারীকে সাক্ষাতের জন্য ডাকেন। দিনমজুর পরিবার। স্বামী মো. শামছু মিয়া (৩৮) রিকশাচালক, চার সন্তান তাঁদের। দুই মাস আগে স্বামীর গলায় ক্যানসার ধরা পড়ে। একটি অস্ত্রোপচার করলে ক্যানসার প্রতিরোধ সম্ভব, নতুবা মৃত্যুর প্রহর গুনতে হবে। কিন্তু অস্ত্রোপচারের চেয়ে ব্যয় বেশি ওষুধপথ্যে। তাই সরাসরি ওষুধ কিনে দেওয়ার জন্য আবেদন করেন ছেলিনা।
মেয়র ছেলিনাকে সঙ্গে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করে সত্যতা পান। তিন দফায় ওষুধ কেনার ব্যবস্থা করে দিলে গত মঙ্গলবার রাতে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে শামছু মিয়ার সফল অস্ত্রোপচার হয়। অকালে স্বামী হারানোর দুঃস্বপ্ন ছাপিয়ে ছেলিনার চোখেমুখে ফিরেছে স্বামীকে বাঁচানোর স্বপ্ন।
গতকাল বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা আট ঘণ্টার অস্ত্রোপচার হয়েছে শামছু মিয়ার। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছয় সদস্যের চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নন্দ কিশোর সিনহা। অস্ত্রোপচারে ক্যানসার অপসারণ হওয়ায় সফল বলে জানিয়েছেন তিনি। গতকাল প্রথম আলোকে নন্দ কিশোর সিনহা বলেন, অনেক ঝুঁকি নিয়ে দীর্ঘ সময়ের এ অস্ত্রোপচার করা হয়েছে। সফল অস্ত্রোপচার হয়েছে।
শামছু মিয়ার বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামে। প্রায় ১৩ বছর আগে ছেলিনার সঙ্গে বিয়ে হয়। জায়গাজমি নেই বলে নানা-নানির ভিটায় বসবাস করতেন। স্বামী সিলেট নগরের ঘাসিটুলায় একটি ভাড়া থেকে রিকশা চালাতেন। এতে যা আয় হতো, তা দিয়ে দুই ছেলে ও দুই মেয়ের সংসার চলত। দুই মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বামী। সিলেট থেকে ফিরে যান গ্রামে। কয়েক দিন শয্যাশায়ীও ছিলেন। পরে ডান কানের নিচে দুটি বড় টিউমার দেখা দেয়। সে অবস্থাতেই রিকশা চালাতেন। চিকিৎসকের শরণাপন্ন হলে ক্যানসার ধরা পড়ে।
ছেলিনা বলেন, ক্যানসার হয়েছে শুনে তাঁর স্বামী বাঁচার আশা প্রায় ছেড়েই দেন। রোজগারের শেষ সম্বল রিকশা বিক্রি করা টাকার সঙ্গে গ্রাম থেকে ধারদেনা করে ২২ হাজার টাকা নিয়ে আসেন সিলেটে। তাঁর কোলে তখন ২১ দিন বয়সী ছেলেসন্তান। শিশুটিকে বোনের বাড়িতে রেখে এসেছেন। গ্রামের বাড়িতে আছে অন্য তিন সন্তান।
মেয়র প্রথম আলোকে বলেন, ‘এই একটি কাজ করার মধ্য দিয়ে বৃহৎ স্বার্থে কাজ করার প্রেরণা পেয়েছি। ক্যানসার সচেতনতায় সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগকে সক্রিয় করতে চাই। আমি এরই মধ্যে ওসমানী হাসপাতালের পরিচালক, বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ক্যানসার রোগ সচেতনতায় ও রোগীদের সেবায় ভবিষ্যতে সহায়ক ভূমিকা রাখতে চাই।’