চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের অবরোধের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবারও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও চলাচল করেনি। বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে গত বুধবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁর বাসভবনে ছাত্রনেতাদের বৈঠক হয়েছে।জানা যায়, গতকালও কিছু শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে ক্যাম্পাসে আসা-যাওয়া করেন। সকালে মিনিবাসে করে সাত-আটজন ছাত্রছাত্রী ক্যাম্পাসে যাওয়ার পথে অক্সিজেন এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। তাঁদের মিনিবাস থেকে নামিয়ে দেওয়া হয়। তবে শিক্ষকেরা পুলিশের পাহারায় বাসে করে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসেন। দুপুরে তাঁরা আবার পুলিশের পাহারায় বাসে করে ক্যাম্পাস ত্যাগ করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ বলেন, কাল শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। ইতিমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকেরা আসতে শুরু করেছেন।সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে বুধবার রাতে মেয়রের বাসভবনে তাঁর সঙ্গে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ছাত্রনেতাদের বৈঠক হয়। বৈঠকে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র সমিতি ও জাসদ ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধের নামে শিক্ষক-বাসে অগ্নিসংযোগ ও ছাত্রছাত্রীদের হয়রানির সঙ্গে জড়িতদের প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়র এ জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেন।এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্যাডে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আন্দোলনকারীরা বহিষ্কৃত, মাদকাসক্ত ও ছিনতাইকারী। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন হত্যাকাণ্ড তাদের নীরব মিশন। বিজ্ঞপ্তিতে এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা ফারুক হোসেন নিজেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য বলে দাবি করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রলীগ ফোরাম নামের একটি সংগঠন এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চলমান আন্দোলনের বিরোধিতা করেছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যখন দেশে মতৈক্য গড়ে উঠছে, ঠিক তখন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন আবুল কদর, বখতিয়ার উদ্দিন খান, মঞ্জুরুল আলম, এস এম রাশেদুল আলম, শাহজাহান চৌধুরী, সাইমুম সরওয়ার, নাছির হায়দার প্রমুখ।বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যাকাণ্ডের পর ছাত্রলীগ লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের অদূরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আসাদ শুক্রবার বিকেলে হাসপাতালে মারা যান।