মেয়রের সঙ্গে ঠিকাদারদের বৈঠক, সাবেক মেয়রের সমালোচনা
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম গতকাল মঙ্গলবার ঠিকাদারদের সঙ্গে বৈঠক করেছেন। সিটি করপোরেশন থেকে ঠিকাদারদের ৩০ কোটি টাকা পাওনা এবং নতুন উন্নয়ন কার্যক্রম কীভাবে হাতে নেওয়া হবে, সে ব্যাপারে মতামত নিতেই তিনি এ বৈঠক করেন। এ সময় কয়েকজন ঠিকাদার সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কড়া সমালোচনা করেন। তবে সমালোচনাকারী এসব ঠিকাদার মহিউদ্দিন মেয়র থাকাকালে নানা সুযোগ-সুবিধা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, ঠিকাদারেরা অভিযোগ করেন, মহিউদ্দিন মেয়র থাকাকালে সিন্ডিকেট করে অন্তত ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি সিন্ডিকেট করে নিজের লোকদের মধ্যে কাজ ভাগবাটোয়ারা করতেন। এসব সিন্ডিকেট ভেঙে এখন বিধি অনুযায়ী কার্যাদেশ দিতে হবে। ঠিকাদারেরা সাবেক মেয়রের সমালোচনা করলেও মন্জুর আলম এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি ঈদের আগে ঠিকাদারদের পাওনা টাকার ৫ থেকে ১০ শতাংশ পরিশোধ করার আশ্বাস দেন।বৈঠকে বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার সমিতির সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন, জাহাঙ্গীর আলম, আহমদ হোসেন ও মোহাম্মদ শফি। সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্নভাবে সাবেক মেয়রের সমালোচনা করেন। তাঁরা অভিযোগ করেন, মহিউদ্দিন সিন্ডিকেট করে পছন্দের লোকদের দিয়ে কাজ করিয়েছেন। এতে সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি হয়েছে।