মেয়াদ আরও পাঁচ বছর বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন’-এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিলটি পাস হয়েছে। এর ফলে এ আইনের মেয়াদ ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত বাড়ল। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়। বিরোধী দল জাতীয় পার্টির বেশির ভাগ সদস্য এ সময় সংসদে ছিলেন না। যাঁরা ছিলেন তাঁরা কণ্ঠভোটে অংশ নেননি।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাছাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং বিলের বিভিন্ন দফায় সংশোধনীর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিলটি পাসের সময় তিনিও সংসদে উপস্থিত ছিলেন না। এর আগে গত ৩০ মার্চ বিলটি সংসদে উত্থাপিত হয়। সংসদীয় কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে গত মঙ্গলবার বিলটি পাসের সুপারিশ করে রিপোর্ট উপস্থাপন করে। ২০০২ সালে পাস হওয়া দ্রুত বিচার আইনের মেয়াদ সর্বশেষ ২০১২ সালে দুই বছরের জন্য বাড়ানো হয়। আইনটির মেয়াদ ৭ এপ্রিল ২০১৪ শেষ হওয়ার কথা। গতকাল সংশোধনী বিল পাস হওয়ায় তা ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত বাড়ল।