মেয়াদ থাকতেই ফের ইজারার বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ হাটবাজারের ইজারার মেয়াদ শেষ হওয়ার পাঁচ মাস আগেই আগাম ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও আগামী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আজিজুল হকের অভিযোগ, বর্তমান মেয়র আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ কাজ করছেন।
সরকারি হাটবাজারগুলোর ইজারা পদ্ধতি ও ব্যবস্থাপনা-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, হাটবাজারের ইজারা বাংলা বছরের ভিত্তিতে (বৈশাখ-চৈত্র) এক বছরের জন্য ইজারা দিতে হবে। কোনো বছরের যাবতীয় ইজারা কার্যক্রম পূর্ববর্তী বছরের ২০ চৈত্রের মধ্যে শেষ করতে হবে আর মাঘ মাস থেকে ইজারা প্রদান কার্যক্রম শুরু করতে হবে। এ ছাড়া সব হাটবাজারের ইজারা-সংক্রান্ত কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রস্তুত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠাতে হবে।
আজিজুল হক অভিযোগ করেন, বদরগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা আর্থিক ফায়দা হাসিলের জন্য হাটবাজারটি সরকারি বিধিবিধান লঙ্ঘন করে ইজারা দেওয়া শুরু করেছেন।
উত্তম কুমার সাহা দাবি করেন, ‘সরকারি নীতিমালায় বলা হয়েছে, মাঘ মাসে হাটবাজার ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু তার আগে শুরু করা যাবে না, এমন কিছু বলা নেই। সামনে নির্বাচন, তাই হাটবাজারটি ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।’
স্থানীয় সরকারের রংপুরের উপপরিচালক (ডিডিএলজি) সুলতানা পারভীন বলেন, পৌর মেয়র দুটি অনিয়ম করেছেন। চলতি বছরের ইজারার মেয়াদ শেষের পাঁচ মাস আগে দরপত্র আহ্বান করা। আর হাটবাজারের ইজারার একটি পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে না পাঠানো। এ কারণে সরকারি নীতিমালা মেনে হাটবাজারটি ইজারা দেওয়ার জন্য মেয়রকে চিঠি দিচ্ছি।’