মেয়াদ পার হলেও বরাদ্দ ছাড় হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির বরাদ্দ ছাড় করা হয়নি। বরাদ্দছাড়ের বিষয় নিয়ে উপজেলা পরিষদে সভা হলেও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত না থাকায় কোনো সিদ্ধান্ত হয়নি। ১৫ জানুয়ারি বরাদ্দছাড়ের শেষ দিন ছিল।
নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকজন চেয়ারম্যান সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে কাবিখা প্রকল্পের জন্য ১৮২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
নিয়ম অনুযায়ী, উপজেলা পরিষদে সভা করে ওই বরাদ্দ ইউনিয়নগুলোতে বিতরণের কথা। কিন্তু বৈঠক আহ্বান করা হলেও অজ্ঞাত কারণে ইউপি চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকেননি।
উপজেলার বেতাগৈর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকার ও খারুয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের জানান, তাঁদের কাছে কাবিখা প্রকল্পের তালিকা চেয়ে কেউ চিঠি দেয়নি। চিঠি না দিলে কখন, কার কাছে প্রকল্পের তালিকা পাঠাবেন, তা তাঁরা জানেন না।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউপি চেয়ারম্যান জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দের ৪০ শতাংশ রেখে বাকি ৬০ শতাংশ গ্রহণ করার জন্য তাঁদের কাছে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানরা এ প্রস্তাবে রাজি না হওয়ায় বরাদ্দ ছাড় করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খুরশীদ আলম বলেন, কাবিখা প্রকল্পের বরাদ্দছাড়ের বিষয়ে উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত হলেই বরাদ্দের ডিও তাঁর দপ্তর থেকে ছাড় করা হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কাবিখা বরাদ্দ ছাড় করার মেয়াদ বাড়ানো হবে।
কাবিখা প্রকল্পে মাঠপর্যায়ে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামগঞ্জের সড়কগুলো সংস্কার ও মেরামতে প্রচুর মাটি প্রয়োজন হয়। সড়কের পাশের জমি থেকে এ মাটি জোগান দেওয়া হয়। এখন বোরো ফসলের আবাদ চলছে। সময়মতো প্রকল্পের কাজ শুরু করা না গেলে দায়সারাভাবে কাজ শেষ করা হয়। ফলে বর্ষাকালে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।