মেয়াদ পূর্ণ করে বিদায় নিলেন বেগম রোকেয়ার উপাচার্য
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর মেয়াদ শেষ হওয়ায় তিনি ঢাকায় ফিরেছেন। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে একটি ভাড়া গাড়িতে করে তিনি কর্মস্থল ত্যাগ করেন। এদিকে, নতুন করে কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি।
২০১৩ সালের ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন। গতকাল রাত ১২টা পর্যন্ত তিনি ক্যাম্পাসে অবস্থিত তাঁর বাসভবনে ছিলেন। মেয়াদ পূর্ণ হওয়ার পর পরই চলে যান।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তুহিন ওয়াদুদ বলেন, ‘আমার এতটুকু বলা যে তিনি (উপাচার্য) বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদ পূর্ণ করে চলে গেলেন।’
উপাচার্য এ কে এম নূর-উন-নবী তাঁর চার বছর মেয়াদ শেষ করে চলে যাওয়ার সময় রাতে বলেছেন, ‘আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করি তখন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে তেমন কোনো টাকা ছিল না। বর্তমানে এ বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আমার নিয়োগের আগে অ্যাডহক ভিত্তিতে অনেক কর্মকর্তা-কর্মচারী ছিলেন। আমি তাঁদের চাকরি স্থায়ীকরণ করেছি। শিক্ষক নিয়োগ হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ আন্তর্জাতিক রিসার্চ ইনস্টিটিউট ভবনের নির্মাণকাজ শুরু করে দিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছি।’
নতুন উপাচার্য কে হচ্ছেন, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এ আলোচনা শুধু ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ নেই, অন্যরাও একই আলোচনা করছেন।