জলাবদ্ধতা ও যানজট নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই প্রকল্প
মেয়াদ বাড়িয়েও কাজ শুরু করা যাচ্ছে না
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে চার বছর আগে নেওয়া হয় একটি প্রকল্প। যানজট কমাতে দুই বছর আগে নেওয়া হয় নতুন আরেকটি প্রকল্প। দুটি প্রকল্পেরই মেয়াদ ফুরিয়েছে গত বছরের জুন মাসে। নতুন করে এক বছর মেয়াদও বাড়ানো হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো একটি প্রকল্পেরও কাজ শুরু হয়নি।
তবে এই অবস্থার দায় নিতে রাজি নয় চট্টগ্রাম সিটি করপোরেশন। জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার গাফিলতিকে দায়ী করছে করপোরেশন কর্তৃপক্ষ। এখন নতুন করে দুটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে বর্ধিত মেয়াদেও কাজ শুরু করা যাচ্ছে না।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রকল্প দুটি হচ্ছে ‘বহদ্দারহাট মোড় হতে কর্ণফুলী নদী পর্যন্ত মেরিনার্স বাইপাস সড়ক উন্নয়নসহ ডাইভারশন খাল ও সন্নিহিত খালসমূহের পুনর্বাসন’ এবং যানজট নিরসনে ‘চকবাজারের লালচাঁন্দ সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন’।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন জানান, ‘মেরিনার্স বাইপাস প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের এলএ শাখায় প্রায় ৫০ কোটি টাকা জমা দিয়েছি তিন বছর আগে। কিন্তু তারা এখনো আমাদের জমি বুঝিয়ে দিতে পারেনি। বেশি দেরি করে ফেলায় সড়কের নির্মাণকাজই শুরু করতে পারেনি।’ তিনি জানান, লালচাঁন্দ সড়কের ভূমি অধিগ্রহণের জন্য এক বছর আগে চার কোটি টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু এলএ শাখা জমি বুঝিয়ে দিতে পারেনি।
চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে মেরিনার্স বাইপাস এবং ক্রমবর্ধমান যানজট কমাতে লালচাঁন্দ সড়কের সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন খুবই জরুরি বলে জানিয়েছেন নগর বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউটের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আলী আশরাফ বলেন, চাক্তাই খালের পাশে মেরিনার্স বাইপাস সড়ক হলে ময়লা-আবর্জনা পরিবহনের সমস্যা থাকবে না। লালচাঁন্দ সড়ক প্রশস্ত হলে চকবাজার এলাকার যানজট কমে যাবে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘মেরিনার্স বাইপাস সড়কের প্রকল্প এলাকায় এক ব্যক্তি অল্প পরিমাণ জায়গার জন্য হাইকোর্টে রিট করেছেন। আর লালচাঁন্দ সড়কের সম্প্রসারণ প্রকল্প এলাকায় ভূমি অধিগ্রহণে নিষেধাজ্ঞা চেয়েও রিট করা হয়েছে বলে শুনেছি। এসব নিষ্পত্তি করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আহমদুল হকও জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার গাফিলতিকে দায়ী করে বলেন, ভূমি অধিগ্রহণ শাখা বেশ দেরি করে ফেলেছে। যার কারণে প্রকল্পের কাজ এগোচ্ছে না।
যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোহাম্মদ শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। যাতে জমি তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়া যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেব।’
করপোরেশনের সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, নগরের বাদুড়তলা এলাকার এক বাসিন্দা গত বছরের ১৩ এপ্রিল মেরিনার্স বাইপাস প্রকল্পে ভূমি অধিগ্রহণে নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে রিট করেছেন। এই রিটের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৫ জানুয়ারি জেলা প্রশাসনের এলএ শাখায় চিঠি দিয়েছে সিটি করপোরেশন।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, মেরিনার্স বাইপাস সড়ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকা। ২০১০ সালের ৭ ডিসেম্বর একনেক সভায় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বাস্তবায়নের সময় ধরা হয়েছিল ২০১৪ সালের জুন পর্যন্ত। এখন নতুন করে আরও এক বছর (চলতি বছরের জুন পর্যন্ত) প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, চাক্তাই খালের পাশে সড়ক না থাকায় খাল খনন ও মাটি উত্তোলনের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। সড়কটি নির্মাণ করা হলে জলাবদ্ধতা নিরসনের কাজও ভালোভাবে সম্পন্ন করা যাবে। তখন নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমবে। এই সড়কটি নির্মিত হলে নগরের চকবাজার ও বাকলিয়া এলাকার যোগাযোগব্যবস্থা সহজ হবে।
করপোরেশন সূত্রে জানা গেছে, মেরিনার্স বাইপাস প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় থেকে কর্ণফুলী নদী পর্যন্ত সড়ক নির্মিত হবে। এর দৈর্ঘ্য ৩ দশমিক ২৫২ কিলোমিটার এবং প্রস্থ গড়ে ২০ ফুট। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী এই সড়ক নির্মাণের জন্য ৩৩১ দশমিক ৮ শতক জমি অধিগ্রহণ করা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। ভবনের ক্ষতিপূরণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা। সড়ক নির্মাণ, একটি সেতু ও দুটি কালভার্ট নির্মাণ খাতে বরাদ্দ আছে ৪ কোটি ৭ লাখ ৫৪ হাজার টাকা।
অন্যদিকে চকবাজার থেকে লালচাঁন্দ পর্যন্ত প্রায় দুই হাজার ফুট দৈর্ঘ্যের সড়ক সম্প্রসারণ ও উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা। সড়কের প্রশস্ততা ২০ ফুট থেকে ৪০ ফুটে উন্নীত করা হবে। ২০১২ সালের ২৪ এপ্রিল এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গত বছরের জুনে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। এখন প্রকল্পের মেয়াদ ২০১৫ এর জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই প্রকল্পটিও রিটের কারণে আটকে আছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।