মেয়াদ শেষ, অর্ধেক কাজও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দখল আর আবর্জনায় ভরাট হয়ে গেছে গলাচিপা-উলানিয়া খাল। সম্প্রতি পৌরসভার ২ নম্বর পোল এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
দখল আর আবর্জনায় ভরাট হয়ে গেছে গলাচিপা-উলানিয়া খাল। সম্প্রতি পৌরসভার ২ নম্বর পোল এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় গলাচিপা-উলানিয়া খাল খননের কাজ আড়াই মাস ধরে বন্ধ। দেড় বছর মেয়াদি প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে ১৪ আগস্ট। তবে অর্ধেক কাজও সম্পন্ন হয়নি। এদিকে খালটি খননে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঠিকাদারের বিরুদ্ধে পৌরসভার মেয়র, প্রকল্প পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গলাচিপা পৌরসভা কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, পৌরশহরের মাঝ দিয়ে খালটি প্রবাহিত হয়েছে। তিন দশক আগেও এ খাল দিয়ে পণ্যবাহী নৌকা চলাচল করত। স্থানীয় ব্যবসা-বাণিজ্যে খালটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৮৫ সালে শহরের পাশ দিয়ে বাঁধ তৈরির পর খালে পানির প্রবাহ কমতে থাকে। আগে খালটির প্রস্থ ছিল গড়ে ১০০ ফুট। দখলের কারণে তা ৪০ থেকে ৫০ ফুটে নেমে এসেছে। দখল ও দূষণে বর্তমানে খালটি মৃতপ্রায়। খালটি সংস্কারের জন্য ২০১৫-১৬ অর্থবছরে উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্পের আওতায় নেওয়া হয়। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মেসার্স এস এন মল্লিক ও মোনালিছা নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কার্যাদেশ পায়। এর মেয়াদ ছিল ২০১৭ সালের ১৪ আগস্ট। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৩ লাখ টাকা। এতে ২ দশমিক ৮৩৩ কিলোমিটার লম্বা খাল খনন, স্থানভেদে গভীরতা হবে আড়াই থেকে ৫ ফুট এবং খালের পাড়ে গাছ লাগানো ও ৪টি নর্দমা নির্মাণ করার কথা। তবে নির্ধারিত সময়ে প্রকল্পের অর্ধেক কাজও শেষ হয়নি।

খননের কাজ শুরু হওয়ার পরই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ কয়েকজন গত ৪ জুন পৌরসভার মেয়র, প্রকল্প পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, খালটি নকশা অনুয়ায়ী খনন করা হচ্ছে না। এটি পূর্ব-পশ্চিমে লম্বালম্বি। পূর্ব দিকে সামান্য মাটি কাটা হলেও পশ্চিমে আদৌ কোনো মাটি কাটা হয়নি। এমনকি ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হয়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সাহাবাড়ির শ্মশান এলাকায় খাল থেকে কিছু মাটি কেটে পাড়ে রাখা হয়েছে। তবে বৃষ্টির পানির সঙ্গে ওই মাটি আবার খালের ভেতরে চলে যাচ্ছে। মাছের বাজারসংলগ্ন এলাকার খালের ভেতর ময়লা-আবর্জনার স্তূপ। হাফেজ মিয়ার হোটেলসংলগ্ন এলাকার খালের দুই পাড়ে খুঁটি বসিয়ে ঘর তোলা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের প্রতিনিধি আমিনুল হক বলেন, ‘আমরা খালের খনন শুরু করেছি। ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ হয়ে গেছে। তবে বর্ষা মৌসুম ও খালের দুই পাড় দখলমুক্ত না হওয়ায় খননে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এ কারণে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।’

গলাচিপার পৌর মেয়র আহসানুল হক বলেন, খাল খননকাজে অনিয়ম মেনে নেওয়া হবে না। ঠিকাদার খননকাজের জন্য সময় বাড়ানোর আবেদন করেছেন। সঠিকভাবে খননের জন্য পৌরসভার পক্ষ থেকে খালের দুই পাড়ের জমি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘খাল খননে অনিয়মের অভিযোগ পেয়েছি। তবে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আমরা সরেজমিনে বিষয়টি দেখব।’