মেয়াদ শেষ, কাজ হয়নি অর্ধেকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা-বান্নাখোলা সড়ক পাকাকরণ ও পাঁচটি কালভার্ট নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা ছিল গত ১৩ নভেম্বর। দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২৭ ডিসেম্বরের মধ্যে।
এ পর্যন্ত প্রথম পর্যায়ের তিনটি কালভার্ট এবং এক কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের ৪৪ ভাগ এবং সাড়ে তিন কিলোমিটার সড়কের মাত্র ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করা হলেও সরেজমিনে দেখা গেছে, কাজ আরও কম হয়েছে। যতটুকু কাজ হয়েছে, সেখানেও নিম্নমানের উপকরণ ব্যবহার এবং দরপত্রের শর্ত মেনে করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
কাজটি পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসির উদ্দিনের মালিকানাধীন নুরি এন্টারপ্রাইজ ও তাঁর আত্মীয় রেজাউল কবিরের মেসার্স আইপাব সাইবার নেট। এ কারণে শতভাগ কাজ আদায় করাসহ কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।
এলজিইডির ধামরাই উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, কুশুরা-পাইকপাড়া সড়কের কুশুরা থেকে বান্নাখোলা পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য এলজিইডির ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দরপত্র আহ্বান করা হয় ২০১২ সালের ডিসেম্বরে। দরপত্রে অংশ নিয়ে বান্নাখোলা-পাইকপাড়া অংশে তিনটি কালভার্টসহ কুশুরা থেকে এক কিলোমিটার পর্যন্ত পাকাকরণের কাজ পায় রাজধানীর নারিন্দার মেসার্স আইপাব সাইবার নেট। ওই এক কিলোমিটারের পর থেকে বান্নাখোলা বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক পাকাকরণসহ দুটি কালভার্ট নির্মাণের কাজ আইপাব সাইবার নেট ও নুরি এন্টারপ্রাইজ নামের আরও একটি প্রতিষ্ঠান যৌথভাবে পায়। প্রথম পর্যায়ের তিনটি কালভার্ট এবং এক কিলোমিটার সড়কের জন্য আইপাব সাইবার নেটকে কার্যাদেশ দেওয়া হয় গত ৭ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় পর্যায়ের দুটি কালভার্টসহ সাড়ে তিন কিলোমিটার সড়কের কার্যাদেশ দেওয়া হয় গত ২১ মার্চ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কয়েক মাস আগে কাজ শুরু করার কথা থাকলেও কাজে হাত দেওয়া হয় মাস তিনেক আগে। এ কারণে ৩০ ভাগ কাজও শেষ হয়নি। এরপর আবার যতটুকু কাজ হয়েছে, তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি দরপত্রের চুক্তি অনুযায়ী কাজ করা হচ্ছে না।
তথ্য অধিকার আইনে আবেদন করার পর পাওয়া তথ্যে দেখা গেছে, তিনটি কালভার্টসহ এক কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৯ টাকা, আর দুটি কালভার্টসহ সাড়ে তিন কিলোমিটার সড়ক পাকাকরণের ব্যয় ধরা হয়েছে তিন কোটি ২৬ লাখ ৪৩ হাজার ৬৫৭ টাকা। এ পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের ৪৪ ভাগ আর সাড়ে তিন কিলোমিটার সড়কের ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ জন্য ২০ লাখ টাকার বিল প্রদানের সুপারিশ করা হয়েছে।
১ ডিসেম্বর সরেজমিনে কাজের তেমন কোনো অগ্রগতি চোখে পড়েনি। বান্নাখোলা বাজার থেকে রামদাইল পর্যন্ত এক কিলোমিটারে কোনো কাজই হয়নি। রামদাইল থেকে বাউজা গ্রামের মীর হোসেন মাস্টারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কে বালু ও খোয়ার মিশ্রণ ফেলা হলেও তা কমপ্যাক্ট করা হয়নি। বাউজা থেকে কুশুরা পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কে বালু আর খোয়ার মিশ্রণ কমপ্যাক্ট করা হলেও যান চলাচল করার কারণে তা উঠে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাজটি পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর ভাই ও তাঁর আত্মীয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান। এ কারণে তাঁদের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
জানতে চাইলে রেজাউল কবির দাবি করেন, কাজ শুরু করার পর থেকে কোনো বিল না পাওয়ার কারণে তাঁদের পক্ষে চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও চুক্তি অনুযায়ী কাজ না করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এসব অভিযোগ একেবারে মিথ্যা তা বলব না, তবে চেষ্টা করছি।’