হাকালুকি হাওরে পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। মাঠপর্যায়ে পরিবেশ সংরক্ষণের ধারাবাহিক কার্যক্রম বন্ধ হয়ে গেলে জলজ উদ্ভিদ, পাখি ও বন্য প্রাণী রক্ষায় ইতিমধ্যে যতটুকু অগ্রগতি ও জনসচেতনতার সৃষ্টি হয়েছে, তা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা এ সংশয় প্রকাশ করেছেন। প্রকল্পের পরিচালক জাফর সিদ্দিক গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, ‘ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও তা একেবারে বন্ধ হবে না। গ্রাম সংরক্ষণ দল (ভিসিজি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) কমিটি থাকবে। ভিসিজিকে স্থায়ী তহবিল দেওয়া হবে। প্রকল্প না থাকায় ধারাবাহিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে স্থানীয় প্রশাসন তৎপর থাকলে খুব একটা সমস্যা হবে না।’ তিনি বলেন, হাকালুকি হাওরের জন্য একটি ফলোআপ প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় কিছু লোক মাঠপর্যায়ে থাকবে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেট জেলার বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিস্তৃত হাকালুকি হাওরের প্রায় ৪০ হাজার হেক্টর এলাকাকে ১৯৯৯ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। মানুষের আগ্রাসী তৎপরতার কারণে হাওরের জলজ উদ্ভিদ, পাখি ও বন্য প্রাণী সংকটাপন্ন হয়ে পড়ে। একসময় হাওরে অসংখ্য হিজল, করস ও জারুল গাছ ছিল। এসব গাছ নির্বিচারে কেটে ফেলায় একপর্যায়ে হাওর প্রায় বৃক্ষশূন্য হয়ে পড়ে। এ ছাড়া হাওরে বন্দুক, ফাঁদ ও বিষটোপ দিয়ে নির্বিচারে অতিথি পাখি শিকার হতো। কারেন্ট জাল ও বিল সেচে মাছ ধরার কারণে মাছের বংশবিস্তার ও বিকাশের পরিবেশ বিপন্ন হয়ে পড়েছিল। পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্প (সিডব্লিউবিএমপি—কোস্টাল অ্যান্ড ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট প্রজেক্ট) হাকালুকি হাওর এলাকায় তাদের কার্যক্রম শুরু করে। হাওরের নকশা তৈরি, ব্যবস্থাপনা পরিকল্পনার পর মূলত ২০০৫ সাল থেকে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হয়। পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমদ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে জলজ উদ্ভিদ সংরক্ষণ, বন্য প্রাণীর অভয়াশ্রম তৈরি, পাখি সম্পর্কে জনসচেতনতা তৈরি হয়েছে। পাখিসহ বন্য প্রাণী হত্যার কারণে আটটি মামলা হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পের জীববৈচিত্র্য পাহারাদারের মাধ্যমে সংরক্ষণের ফলে হাকালুকি হাওরে এখন প্রায় এক হাজার হেক্টর জমিতে হিজল ও করস গাছ বেড়ে উঠছে। অনেক গাছই ১৫ থেকে ১৬ ফুট উঁচু হয়েছে। বন্য প্রাণীর সংখ্যা বাড়ছে। হাওর এলাকায় এখন মুখপোড়া হনুমান, বানর, মেছো বাঘ দেখা যাচ্ছে। কালেমসহ অনেক বিরল প্রজাতির পাখি আবার ফিরে আসছে হাওরে। এ ছাড়া হাওরের বিলগুলোতে জলজ উদ্ভিদ মাখনাসহ লতাগুল্ম জন্মেছে। প্রতিবছর শীত মৌসুমে প্রকল্পের সার্বিক সহযোগিতায় পাখি গণনা হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, হাকালুকির ইসিএভুক্ত বিভিন্ন স্থানে বন্য প্রাণীর ২১টি অভয়াশ্রম তৈরি করা হয়েছে। এ ছাড়া হাওরের পরিবেশ রক্ষায় ২৮টি গ্রাম সংরক্ষণ দল (ভিসিজি) কাজ করছে। ভিসিজি হাওরপারের লোকজনকে নিয়েই গঠন করা হয়েছে। হাওরের পরিবেশ রক্ষায় তাঁরা নিজেরা যেমন সচেতন থাকবেন, তেমনি অন্যদের সচেতন করবেন। উপজেলা ইসিএ কমিটির সঙ্গে যুক্ত থেকে কাজ করবে। পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের প্রশাসনিক সহকারী মো. ফুয়াদুল হক চৌধুরী বৃহস্পতিবার বলেন, ‘মানুষ অনেক সচেতন হয়েছে। তারা নিজের গাঁটের টাকা খরচ করে আমাদের ফোন করে জানায় কোথায় পাখি শিকার করা হচ্ছে। কোথায় বন্য প্রাণী নিধনের চেষ্টা চলছে। মানুষের এই সাড়া আমাদের খুব ভালো লাগে।’ কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমেদ গতকাল বলেন, প্রকল্পের সুবাদে অনেক বিলুপ্তপ্রায় মাছ ও জলজ প্রাণী আবার হাওরে দেখা যাচ্ছে। প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেলে কী হবে, বলা মুশকিল। চেয়ারম্যান হাওরের জল্লা ও হাওয়রখাল বিলসহ বেশ কয়েকটি বিলকে মাছের অভয়ারণ্য ঘোষণা করার জন্য দাবি জানান।