মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে মেয়াদ শেষ হওয়ার এক দিন আগেও জাতীয় সংসদের নির্বাচন নয়। ওই নির্বাচনেই জনগণ ঠিক করবে, ক্ষমতায় কারা থাকবে আর কারা থাকবে না।
গতকাল মঙ্গলবার লালদীঘি মাঠে আয়োজিত ১৪ দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। দেশবিরোধী চক্রান্ত রুখতে, জঙ্গিবাদ নির্মূল, ইয়াবা ব্যবসা ও গুপ্তহত্যা বন্ধের দাবিতে স্থানীয় ১৪ দল এ সমাবেশের আয়োজন করে।
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, এরা ২০১৩ সালে সারা দেশে পেট্রলবোমা মেরে মানুষ খুন করেছিল। অবরোধ ডেকে দেশকে অচল করে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সেই নাশকতা ও আন্দোলন সফল হয়নি। এখন তারা বিশ্বের কুখ্যাত একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। খালেদা জিয়ার পরামর্শে সীতাকুণ্ডের আসলাম চৌধুরী এ জঘন্য কাজ করেছেন। বিএনপি-জামায়াত কিন্তু বসে নেই। এদের আমলে জঙ্গির উত্থান ঘটেছিল। এসব কারণে জনগণ এদের কাছ থেকে সরে গেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন জাসদ (আম্বিয়া-নাজমুল প্রধান) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি ও সাংসদ মঈন উদ্দীন খান বাদল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদের (ইনু-শিরীন) সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টির (মঞ্জু) শেখ শহিদুল ইসলাম, তরীকত ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাংসদ এম এ আওয়াল, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক, গণ-আজাদী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস কে শিকদার প্রমুখ।
সমাবেশে দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি-জামায়াত চক্র দেশের মানুষ থেকে আলাদা হয়ে এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। তারা মার্কিন সাম্রাজ্যবাদ ও স্বার্থান্বেষী মহলকে দেখাতে চাচ্ছে বাংলাদেশ ভালো নেই। এখনই নির্বাচন দিতে হবে। তা না হলে এ রকম হত্যা চলতে থাকবে। কোনো কিছুতে কাজ হবে না।
জায়গা ঠিক হলেই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। এখন জায়গা ঠিক করতে পারলেই খুব শিগগির এর ভবনের নির্মাণকাজ শুরু হবে। এই সরকারের মেয়াদেই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা হয়। সেখানে চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, রোগীদের প্রতি মমতা ও নিষ্ঠা না থাকলে শুধু যন্ত্রপাতি ও ভবন দিলেই হবে না। চিকিৎসকদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। নইলে স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রগতি ধরে রাখা যাবে না। সীমাবদ্ধতার মাঝেও চিকিৎসকদের দায়িত্ব পালন করে যেতে হবে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আলাউদ্দিন মজুমদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহম্মদ নুরুল হক ও আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান।
জনবলসংকটের কথা স্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেড় লাখ পদ সৃষ্টি করা হলেও অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে। অর্থমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে বসে বিষয়টির একটি সুরাহা করবেন।
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, বিএমএ সাধারণ সম্পাদক মো. শরীফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রামের সভাপতি শেখ শফিউল আজম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ বক্তব্য দেন।
মতবিনিময় শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ছয় শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন।