মেয়াদ শেষ হওয়ার আট মাস পরও শেষ হয়নি কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার আট মাস পেরিয়ে গেলেও মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর হাওর সেতুর নির্মাণকাজ শেষ হয়নি। দুই-তৃতীয়াংশ কাজ করার পর আট মাস ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-১ম পর্যায়ের অধীনে কালকিনির এনায়েতনগর ইউনিয়নের ফাসিয়াতলাহাট থেকে লক্ষ্মীপুর ইউনিয়ন পর্যন্ত সড়কের লক্ষ্মীপুর হাওরের ওপর সেতু নির্মাণের জন্য ২০১১ সালের ৩ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। মেসার্স কাজল কৃষ্ণ দে (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই বছরের ৯ জুন দুই কোটি ৪৬ লাখ ২০ হাজার ৩১৪ টাকার কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী ২০১২ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আট মাস পেরিয়ে গেলেও ঠিকাদার কাজ শেষ করেননি।এলাকাবাসী জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এই সেতুটি নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সেতুটি নির্মিত হলে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণে সেতুটির নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।অভিযোগের ব্যাপারে মুঠোফোনে ঠিকাদার কাজল কৃষ্ণ দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এলজিইডির কালকিনি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন বলেন, ঠিকাদার দুই-তৃতীয়াংশ কাজ করে দেড় কোটি টাকার বিল জমা দিয়ে ৫০ লাখ টাকা তুলে নিয়েছেন। কাজ শেষ না করলে তাঁকে বাকি টাকা দেওয়া হবে না। উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে। মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস বলেন, কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হচ্ছে।