মেয়াদ শেষ হওয়ার পরও অর্ধেক কাজ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার পরও শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা থেকে কালাকুমা পর্যন্ত সড়ক ও বাঁধ নির্মাণের অর্ধেক কাজ হয়নি। গত এক বছরে ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির মাত্র পাঁচ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ঢিমেতালে কাজ চলায় পৌরসভার নিচপাড়া এলাকায় ভোগাই নদের বাঁধ ভেঙে বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নালিতাবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ডিসেম্বর থেকে এ উপজেলায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ‘নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় সড়ক, বাঁধসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। এর মধ্যে অন্যতম নালিতাবাড়ী বাজার থেকে সীমান্তবর্তী কালাকুমা গ্রাম পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক কাম বাঁধ নির্মাণের কাজ। এক বছরে এ কাজ করার দায়িত্ব পায় মেসার্স রাফিয়া কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর আওতায় এই সড়কের নিচপাড়া এলাকায় নদীতীর রক্ষার জন্য (রোড প্রোটেকশন ওয়ার্ক) সাড়ে আট ফুট দৈর্ঘ্যের আরসিসি পিলারের মাধ্যমে স্ল্যাব স্থাপন করার কথা রয়েছে। কাজটি তত্ত্বাবধানের দায়িত্বে এলজিইডি। গত ডিসেম্বর পর্যন্ত কালাকুমা থেকে ঘাকপাড়া বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। কিন্তু এখনো বাকি কাজ করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, পাহাড়ি ঢলে নিচপাড়া এলাকায় কাঁচা সড়কের ৫০০ মিটার ভোগাই নদে ভেঙে সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক সরু হয়ে যাওয়ায় চালক ও যাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে।

ঘাকপাড়া গ্রামের রিকশাচালক রফিক উদ্দিন বলেন, ‘সড়কের কাজ ধীরগতিতে হওয়ায় বিরাট অসুবিধা অইতাছে। নিচপাড়া এলাকায় বান্দের ব্যবস্থা না করলে সড়ক নদীর মধ্যে ভাইঙা পড়ব।’

নিচপাড়া এলাকার বাসিন্দা মো. জহুর আলী বলেন, ‘আমার বাড়িঘর লইয়া ২০ শতাংশ জমি। দুই বছরে নদীতে আড়াই শতাংশ জমি ভাইঙা পড়ছে। ’

একই এলাকার গৃহিণী ঝরনা বেগম বলেন, ‘সড়ক আস্তে আস্তে ভাইঙা নদীর মধ্যে পড়তাছে। এইবার পাহাড়ি ঢলে বান ভাইঙা আমগর বাড়ি-ঘরে পানি উঠবো। তাড়াতাড়ি সড়কের কাম শেষ করলে এলাকাবাসীর সুবিধা অইতো।’

ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশনের মালিক সেলিম আহমেদ বলেন, ‘নদীতে যে প্রোটেকশন ওয়ার্ক ধরা হয়েছিল, সড়ক ভাঙনের ফলে তা দিয়ে কোনোমতে এমন একটি খরস্রোতা পাহাড়ি নদ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাঁধের জন্য নতুন করে নকশা করে জায়গা বুঝিয়ে দিতে এবং কাজের সময় চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। নিচপাড়া অংশে সড়ক ভাঙা থাকায় মালামাল পরিবহনে অসুবিধা হচ্ছে। তাই সড়ক নির্মাণে কিছুটা বিলম্ব হচ্ছে।

উপজেলা প্রকৌশলী আবদুল্লা-আল-মামুন বলেন, মূল প্রকল্পের মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত। ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক ও বাঁধের নির্মাণকাজ শেষ করার সময় বাড়ানো হতে পারে।