মেয়াদ শেষ হতে চললেও কাজই শুরু করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন খাল খনন প্রকল্পের মেয়াদ শেষ হতে বাকি আছে আর মাত্র এক বছর তিন মাস। কিন্তু এখনো জমি অধিগ্রহণের কাজই শুরু হয়নি। প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের সময়ই এক দফা ব্যয় বৃদ্ধি করা হয়। নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় প্রকল্পের ব্যয় আরেক দফা বাড়বে বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম নগরের নাসিরাবাদ, বহদ্দারহাট, মুরাদপুর, শুলকবহর, বারইপাড়া ও বাকলিয়া এলাকার জলাবদ্ধতা দূর করতে ২০১২ সালের নভেম্বর মাসে নতুন এই খাল খননের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত ২ দশমিক ৯৭ কিলোমিটার দীর্ঘ এই খালটি প্রস্থে হবে ৬৫ ফুট।
২০১৪ সালের ২৪ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তখন এর ব্যয় ধরা হয়েছিল ২৮৯ কোটি ৪৪ লাখ টাকা। একনেকের পরিকল্পনা বিভাগ ২০১৫ সালের ২৩ জুলাই যখন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়, তখন ব্যয় ধরা হয় ৩২৬ কোটি ৮৪ লাখ টাকায়। অর্থাৎ কাজ শুরুর আগে প্রকল্প ব্যয় বেড়েছে ৩৭ কোটি টাকা। এর মেয়াদ ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পেতে দেরি হওয়ায় ভূমি অধিগ্রহণের কাজ শুরু করা যায়নি। এখন এই প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় নথিপত্র আগামী সপ্তাহের মধ্যে জেলা প্রশাসনে জমা দেওয়া হবে।
কবে নাগাদ খাল খননের কাজ শুরু হতে পারে, জানতে চাইলে প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করতে হবে। এই প্রক্রিয়া শেষ হতে কত দিন লাগবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই কাজ যত দেরিতে শেষ হবে, প্রকল্পের মেয়াদ ও ব্যয় ততই বাড়বে।
নতুন খাল খননের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, খাল খননের জন্য ২৫ দশমিক ৭২ একর জমি অধিগ্রহণ করতে হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ২২৪ কোটি ১৬ লাখ টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদন দেয় গত বছরের ১৩ আগস্ট।
সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শাহীন উল ইসলাম প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করতে গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনকে চিঠি দেয় করপোরেশন। তবে জেলা প্রশাসন প্রকল্পের নকশা ও ভূমির ম্যাপসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ১৪ ফেব্রুয়ারি চিঠি দেয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন ভূমি অধিগ্রহণের জন্য একটি চিঠি দিলেও প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়নি। এখন প্রকল্পের নকশা, মৌজার ম্যাপ ও মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনসহ সব কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এসব কাগজ পেলে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
ভূমি অধিগ্রহণের কাজ শেষ করতে কত দিন লাগতে পারে, তা জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. দৌলতুজ্জামান খান জানান, যদি কোনো মামলা না থাকে এবং ম্যাপগুলো সঠিক হয়, তাহলে ভূমি অধিগ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে তিন থেকে চার মাস সময় লাগবে।