মেয়াদ শেষে নির্বাচন, সব দল অংশ নেবে, আশা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেন

বর্তমান সরকারের মেয়াদ শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই নির্বাচনে সব দল অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি সব রাজনৈতিক দল রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখবে। সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবে এবং দেশে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সহায়তা করবে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ২০০৯ সাল থেকে গত আট বছর এবং এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে তাঁর নেতৃত্বে গঠিত সরকারের সাফল্য তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে উন্নয়নের বিস্তারিত বর্ণনা করেন। পদ্মা সেতুর অপর প্রান্তে মাদারীপুরে বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা শিগগিরই শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বলেন, ‘আমরা চলতি মেয়াদের তিন বছর অতিক্রম করলাম। আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।’
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের অংশগ্রহণে নির্বাচনকালীন একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম। কারণ আমরা সব সময়ই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। সংবিধানের আওতায় আমরা সব ধরনের ছাড় দিতেও প্রস্তুত ছিলাম। এমনকি বিএনপি যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে ইচ্ছুক, তা-ও আমরা দিতে চেয়েছিলাম। কিন্তু বিএনপি নেতৃত্ব সে আহ্বানে সাড়া দেননি। উনি সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করলেন। পেট্রলবোমা, অগ্নিসংযোগ ও বোমা হামলা করে মানুষ হত্যায় মেতে উঠলেন। শতাধিক মানুষ হত্যা করলেন। হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করলেন।’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট নির্বাচন বর্জন করলেও উল্লেখযোগ্য সংখ্যক দল এবং প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ১২টি দল অংশ নেয়। ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। সংঘাত-সহিংসতার মধ্যে বাকি আসনগুলোতে ভোট গ্রহণ হয়। নির্বাচন কমিশনের হিসাবে মোট ভোট পড়ার হার ৪০ দশমিক শূন্য ৪ শতাংশ।
বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি। বিরোধী দলকে ধন্যবাদ, তাঁরা বিভিন্ন বিষয়ে তাঁদের অভিমত দিচ্ছেন, আলোচনায় অংশ নিচ্ছেন।’
দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সব বাধাবিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে। আট বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি এখন বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন ৮ লাখ কোটি টাকার বেশি, যা জিডিপির ভিত্তিতে বিশ্বে ৪৪তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে ৩২তম। ধারাবাহিকভাবে সাড়ে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অর্থনীতি ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং নিম্ন¤আয়ের দেশগুলোকে ছাড়িয়ে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন পথ রচনায় সক্ষম হয়েছি। আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থলসীমানা সমস্যার শান্তিপূর্ণ সমাধান করেছি। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমার শান্তিপূর্ণ সমাধান করেছি। এর ফলে বিশাল সমুদ্র এলাকায় সমুদ্রসম্পদ আহরণের পথ সুগম হয়েছে।’
জঙ্গিবাদের বিপদ সম্পর্কে বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, একটি গোষ্ঠী ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। দেশের সব ইমাম, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় মুরব্বি, আনসার-ভিডিপি সদস্য এবং অভিভাবককে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সচেতন হতে হবে। অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখতে হবে, যাতে তারা ভুল পথে পা না বাড়ায়।
প্রধানমন্ত্রী ভাষণ শুরু করেন দেশবাসীকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। আর শেষ করেন সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করে। ভাষণে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শহীদ, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু পরিবারের সদস্য, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পাশাপাশি সর্বশেষ গাইবান্ধায় গুলিতে নিহত সাংসদ মনজুরুল ইসলামকে স্মরণ করেন।