মেয়াদ শেষে পানির নিচে বসানো হচ্ছে ব্লক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছর আগে শুরু হয়ে কাজের মেয়াদ গত মাসের ৩০ তারিখে শেষ হয়েছে। এখন পদ্মায় পানিও বেড়েছে। কিন্তু শেষ হয়নি কাজ। তড়িঘড়ি করে এখনো পানির নিচে বাঁধে ব্লক বসানো হচ্ছে। রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৭০ মিটার সংস্কারকাজ এভাবেই চলছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১৭০ মিটার বাঁধ সংস্কারের জন্য উষা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে এক কোটি ৮৫ লাখ টাকার চুক্তি হয় পাউবোর। গত বছরের ১৮ মে থেকে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে। এখনো প্রায় অর্ধেক পিচিং ব্লক (বাঁধের ঢালে যে ব্লক বসানো হয়) বসানোর কাজ বাকি।ইতিমধ্যে যেসব ব্লক বসানো হয়েছে, পদ্মা নদীর পানি বেড়ে সেগুলো ডুবে গেছে। এখন পানির নিচে বাঁধে ব্লক বসানো হচ্ছে। স্থানীয় লোকজনের আশঙ্কা, যে কাজ হয়েছে, পানির তোড়ে তা-ও নষ্ট হয়ে যেতে পারে।ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এমদাদুল ইসলাম গত মঙ্গলবার বলেন, ‘যেভাবে কাজ করা হচ্ছে, তাতে ভবিষ্যতে এই বিদ্যালয় টিকবে কি না, তাতে আমাদের সন্দেহ হচ্ছে। ইতিমধ্যে বাঁধের ওই অংশের পূর্ব পাশে ভাঙন শুরু হয়েছে। ভাঙন তীব্র হলে বাঁধ আর থাকবে না।’ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, এক বছর ধরে গড়িমসি করে এখন পানিতে নেমে কাজ দেখানো হচ্ছে। এর ফল কী হবে, তা বোঝাই যাচ্ছে।এই কাজ তদারক করছেন পাউবোর উপসহকারী প্রকৌশলী সুধাংশ সরকার। তিনি বলেন, ‘আপাতত আমাদের যে জিও টেক্সট বিছানো রয়েছে, তা যাতে পানির তোড়ে ভেসে না যায়, সে জন্য পানিতে নেমে একটা একটা করে ব্লক তার ওপর বসিয়ে দেওয়া হচ্ছে। পানি কমে গেলে বাকি কাজ করা হবে।’উষা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ বলেন, এখন পানির মধ্যে কাজ করলেও কাজের মান খারাপ হবে না। তিনি বলেন, মেয়াদ শেষ হলেও তাঁরা আরও ২১ দিন কাজ করার সুযোগ পাবেন।গত মঙ্গলবার পাউবো, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়াকে ফোন করা হলেও তিনি ধরেননি।