মেয়াদ শেষেও কাজ বাকি অর্ধেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর ধলঘাটে নির্মাণাধীন বেড়িবাঁধ। ছবিটি গত শনিবার বিকেল তিনটায় হামিদখালী এলাকা থেকে তোলা l প্রথম আলো
মহেশখালীর ধলঘাটে নির্মাণাধীন বেড়িবাঁধ। ছবিটি গত শনিবার বিকেল তিনটায় হামিদখালী এলাকা থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালীর ধলঘাটে এক কিলোমিটার এলাকায় বেড়িবাঁধের নির্মাণকাজ গত জুন মাসে শেষ হওয়ার কথা। তবে এখনো বাঁধের অর্ধেক কাজই শেষ হয়নি। ২২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে দুই মাস ধরে। এতে ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজারের কার্যালয় সূত্রে জানায়, ২০১২ সালে প্রায় সাড়ে ১৬ কোটি ব্যয়ে ধলঘাটের সরইতলা থেকে হামিদখালী পর্যন্ত ছয় কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। তখন সরইতলা এলাকায় এক কিলোমিটার বেড়িবাঁধে সিসি ব্লক বসানো হয় । তবে বিভিন্ন সময়ে সিসি ব্লকসহ ছয় কিলোমিটার বাঁধের সাড়ে তিন কিলোমিটারই সাগরে বিলীন হয়ে যায়। উপকূলীয় এলাকা সুরক্ষিত করতে পানি উন্নয়ন বোর্ড ভাঙা বেড়িবাঁধের এক কিলোমিটার অংশে সিসি ব্লক বসানোর সিদ্ধান্ত নেয়। ২০১৬ সালে ফেব্রুয়ারিতে এই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিডেট।

কার্যাদেশ মতে, গত বছর এপ্রিলে শুরু হওয়া এক কিলোমিটার বেড়িবাঁধে ৮৪ হাজার ব্লক বসানোর কথা। কাজ শেষ করার কথা চলতি বছরের জুন মাসে। কিন্তু এখনো পর্যন্ত পুরো কাজ শেষ হয়নি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের উত্তর পাশে মাটিতে পড়ে আছে কয়েক হাজার ব্লক। আধা কিলোমিটার বাঁধে ব্লক ফেলা হলেও বাকি প্রায় আধা কিলোমিটারের কাজ শুরু হয়নি। এ ছাড়া বেড়িবাঁধের বিভিন্ন স্থানে বসানো ব্লকগুলো সাগরে বিলীন হয়ে যাচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর পরিচালক মোহাম্মদ রাশিদুল হক বলেন, ‘এক কিলোমিটার বাঁধের মধ্যে ৬০০ মিটারের কাজ শেষ হয়েছে। আর ৮৪ হাজার ব্লকের মধ্যে বসানো হয়েছে মাত্র ২৭ হাজার ব্লক। বর্ষা আর জোয়ারের কারণে যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। বৃষ্টি কমলে আবারও পুরোদমে কাজ শুরু হবে। আশা করছি ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শেষ করা যাবে।’

পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, এক কিলোমিটারের মধ্যে প্রায় অর্ধেক বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি অর্ধেকও দ্রুত নির্মাণ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।