২০১৩ সালের ডিসেম্বরে অক্সিজেন-হাটহাজারী সড়কের সম্প্রসারণকাজ শেষ হওয়ার কথা ছিল। এরপর আরও দুই দফা সময় বাড়িয়ে চলতি বছরের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেওয়া হয়। ১ মাস ১০ দিন আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি বাস্তবায়ন কাজ।
চট্টগ্রাম নগরের সঙ্গে উত্তর চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে অক্সিজেন-হাটহাজারী অংশে সাড়ে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করার কাজের উদ্বোধন হয় ২০১০ সালের মে মাসে। তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ‘অক্সিজেন-হাটহাজারী সড়ক প্রশস্তকরণ প্রকল্পের’ কাজ উদ্বোধন করেন। তবে এই প্রকল্পের কার্যাদেশ হয় ২০১১ সালের ২৫ জুলাই। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন কাজ হওয়ার কথা ছিল। সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, প্রকল্পের নতুনপাড়া এলাকায় দুই লেন সড়কের সেতুর কাজ চলছে। সেতুর সঙ্গে দুদিকের অ্যাপ্রোচ সড়কের কাজ এখনো শুরু হয়নি। নতুনপাড়া সড়কের পশ্চিমাংশে পুরোনো দুই লেনের আরেকটি সেতু রয়েছে। সেই সেতুর ওপর দিয়ে চার লেন সড়কের গাড়ি পারাপার হতে দেখা গেছে।
এ ছাড়া নতুনপাড়া সংলগ্ন বালুছড়া এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়ক বিভাজকের কাজ শেষ হয়নি। গতকাল সেখানে আট থেকে নয়জন নির্মাণশ্রমিককে বিভাজকের কাজ করতে দেখা গেছে। এ ছাড়া হাটহাজারী বাসস্ট্যান্ড লাগোয়া সড়কে পিচঢালাই বাকি রয়েছে। সব মিলিয়ে এখনো ৪ থেকে ৫ শতাংশ কাজ বাকি রয়েছে বলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ধীরগতিতে কাজ করার কারণে ২০১৫ সালের ৪ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের কার্যাদেশ বাতিল করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী ওই দিন সকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে কাজের গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি তখন সাংবাদিকদের বলেছিলেন, নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স সম্প্রসারণ কাজ শেষ করতে পারেনি। তাদের কাজ শেষ করতে অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যেও কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। তাদের গাফিলতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই কার্যাদেশ বাতিল করা হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ২০১৩ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। এরপর সড়ক বিভাগ থেকে আরও এক বছর সময় বাড়িয়ে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। তাতেও সাফল্য দেখাতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। ২০১৫ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল হয়। আবার দরপত্র আহ্বান করে একই বছরের শেষের দিকে কার্যাদেশ দেওয়া হয় ম্যাক কনস্ট্রাকশনকে। সড়ক বিভাগ এর মধ্যে আবার আড়াই বছর সময় বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বেঁধে দেয়।
নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজ শেষ না হওয়ার কারণ জানতে চাইলে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, এবার টানা বৃষ্টি হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করতে বেগ পেতে হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন কাজ শেষ হতো।
জুলফিকার আহমেদ আরও বলেন, ‘ম্যাক কনস্ট্রাকশন কার্যাদেশ পাওয়ার আগে প্রকল্পের মাত্র ৩০ শতাংশ কাজ হয়েছিল। গত দেড় বছরে ম্যাক কনস্ট্রাকশন বাস্তবায়ন কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। কোরবানির ঈদের আগে সড়ক বিভাজক নির্মাণ, হাটহাজারী বাসস্ট্যান্ডে পিচঢালাই এবং নতুনপাড়ায় সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হবে বলে আশা করছি।’
সওজ সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় দুটি সেতু ও ১৮টি কালভার্ট রয়েছে। এর মধ্যে নতুনপাড়া সেতু ছাড়া বাকি সব হয়ে গেছে। নতুনপাড়া সেতুটির দুদিকে অ্যাপ্রোচ সড়ক হয়নি। দুই পাশে মাটি ভরাট করে পিচঢালাই দিতে আরও এক মাসের বেশি সময় লাগতে পারে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক কনস্ট্রাকশনের মালিক মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি কার্যাদেশ পাওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করেছি। বৃষ্টি বাধা না হলে ৩০ জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হতো।’