মেয়াদ শেষেও সাজা খাটছেন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি চুরির মামলায় আসামির সাজা পরোয়ানা জারি না করায় মেয়াদ শেষ হওয়ার পরও সাজা খাটছেন কাজী নাসির। কারাবিধি অনুযায়ী দুই মাস আগে সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু আদালত থেকে আসামি নাসিরের নামে সাজা পরোয়ানা জারি না করায় তিনি কারাগারে আটক আছেন।ঢাকার সাভার থানার চাপাইন গ্রামের ইস্রাফিলের ছেলে কাজী নাসির। ২০০৭ সালের ৪ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালে মারধর ও চুরির অভিযোগে সাভার থানায় আহসান হাবিব নামের এক ব্যক্তি এ মামলাটি দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করে কাজী নাসিরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০২ সালের ১৮ মে ঢাকার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন চুরি, মারধরসহ পৃথক তিনটি ধারায় তিন বছর এক মাসের সাজা দেন। আদেশে উল্লেখ করা হয়, ‘এই দণ্ড একের পর এক পর্যায়ক্রমে চলবে এবং আসামিরা গ্রেপ্তার হওয়ার তারিখ হতে এই দণ্ড কার্যকর হবে।’ মামলাটি পরিচালনা করছেন বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রজেক্টের জেলা আইন সহায়তা প্রদান কমিটি। আইনজীবী আশরাফুল আলম প্রথম আলোকে জানান, ২০০২ সালে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত নাসিরসহ পাঁচজনের প্রত্যেককে তিন বছর এক মাসের সাজা দেন। আসামি কাজী নাসিরকে ২০০৭ সালের ৪ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আদালত থেকে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি না করায় সাজা কার্যকর হচ্ছে না। এর ফলে গ্রেপ্তারের তারিখ থেকে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি মুক্তি পাচ্ছেন না। আইনজীবী আশরাফুল আলম আরও জানান, এ মামলার অন্য আসামিরা রায়ের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন করেন। এটি ঢাকার অতিরিক্ত জেলা জজ-৫-এ বিচারাধীন। গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক আছেন কাজী নাসির। কাশিমপুর কারা কর্তৃপক্ষ থেকে গত ৩০ জুন সাজা কার্যকরের জন্য সাজা পরোয়ানা চেয়ে আবেদনও করা হয়। ওই আবেদনে বলা হয়, ‘হাজতি নং ৫৪৫/০৮ কাজী নাসিরকে হাজতের পরোয়ানা মূল ২০০৭ সালের ৪ ডিসেম্বর কারাগারে পাওয়া যায়। দীর্ঘদিন যাবৎ বিচারের নিমিত্তে আদালতে হাজির না করায় কারা কর্তৃপক্ষ আদালতে যোগাযোগ করে জানতে পারেন, ম্যাজিস্ট্রেট আদালত সাজা দেন। রায় অনুযায়ী ওই দিন থেকে সাজা কার্যকর হবে। কিন্তু সাজা পরোয়ানা না পাওয়ায় সাজা কার্যকর করা সম্ভব হচ্ছে না।’ এর পরও আদালত থেকে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়নি।