মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো ফ্যাক্সবার্তায় তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। তবে এ পদে এখনো কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দশম উপাচার্য হিসেবে ২০১২ সালের ৩১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদের অধ্যাপক আবদুল হাকিম সরকারকে চার বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। সে হিসাবে এ বছরের ৩০ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার ছয় মাস আগেই তাঁকে অব্যাহতি দেওয়া হলো।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে—এমন ফ্যাক্সবার্তা এসেছে। তবে ওই বার্তায় এ পদে কাউকে নিয়োগের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।’